শিশুদের কসরত দেখানোর সময় বৈমানিক নিহত
থাইল্যান্ডে শিশু দিবসে শিশুদের এয়ার শো প্রদর্শনের সময় যুদ্ধবিমান দুর্ঘটনায় এক বৈমানিক নিহত হয়েছেন। এয়ার শোতে ওই বৈমানিক যুদ্ধবিমান নিয়ে আকাশে নানা ধরনের কসরত দেখাচ্ছিলেন। একপর্যায়ে এটি মাটিতে মুখ থুবড়ে পড়ে বিধ্বস্ত হয়।
আজ শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হাত ইয়াইয়েতে বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে বলে এএফপির খবরে জানানো হয়। এই কসরত দেখতে জড়ো হয়েছিল শিশুদের পরিবার। তাদের কাছে এ ঘটনা ছিল হরিষে বিষাদ।
জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার থাইল্যান্ড শিশু দিবস হিসেবে পালন করে থাকে। এ দিনটিতে সরকারি ছুটি থাকে। সামরিক ঘাঁটিগুলো শিশুদের জন্য তাদের ফটক খুলে দেয়। এ সুযোগে শিশুরা ট্যাংক ও যুদ্ধজাহাজে চড়ে বসতে পারে। চিড়িয়াখানা ও জাদুঘরেও শিশুরা বিনা টিকিটে ঘুরতে পারে।
আজকের এ দুর্ঘটনার ফুটেজে দেখা যায়, বিমানটি নোজডাইভ দেওয়ার সময় রানওয়ের কাছে ছিটকে পড়ে এবং এতে আগুন ধরে যায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কংচিপ তানত্রিভানিক এএফপিকে বলেন, আজ সকালে দুর্ঘটনায় একজন বৈমানিক নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।