শিশুদের দুর্দশা নজিরবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গৃহযুদ্ধকবলিত সিরিয়ায় শিশুদের প্রতি সহিংসতা ২০১৬ সালে সর্বোচ্চ মাত্রায় উঠেছিল। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ গতকাল সোমবার বিভিন্ন তথ্য দিয়ে এ কথা বলেছে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর বিরোধী বিদ্রোহীদের মধ্যে প্রায় সাত বছর ধরে এই যুদ্ধ চলছে।
ইউনিসেফ বলছে, সিরিয়ায় গৃহযুদ্ধের কয়েক বছরের মধ্যে শিশুদের হত্যা, বিকলাঙ্গ করা অথবা কোনো সশস্ত্র সংগঠনে নিয়োগ করার মতো ঘটনা গত বছরই সবচেয়ে বেশি হয়েছে। এতে শিশুদের দুর্ভোগের মাত্রা ছিল নজিরবিহীন।
ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক গির্ট ক্যাপেলিয়ার সিরিয়ার হোমস শহর থেকে বলেন, দেশটির লাখো শিশুর ওপর প্রায় প্রতিদিন হামলা হয়েছে। এতে তাদের স্বাস্থ্য, জীবন ও ভবিষ্যতের ওপর ভয়াবহ প্রভাব পড়েছে।
ইউনিসেফের হিসাব অনুযায়ী ২০১৬ সালে সিরিয়ায় সহিংসতায় প্রাণ হারিয়েছে অন্তত ৬৫২টি শিশু। সংখ্যাটি আগের বছরের (২০১৫) তুলনায় ২০ শতাংশ বেশি। ২০১৬ সালে নিহত শিশুদের অন্তত ২৫০ জন বিদ্যালয়ের ভেতরে বা কাছাকাছি হামলার শিকার হয়েছিল। আন্তর্জাতিক সংস্থাটি বলেছে, এগুলো কেবল আনুষ্ঠানিকভাবে যাচাই করা হিসাব। তার অর্থ দাঁড়ায়, যুদ্ধে নিহত শিশুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা জানায়, অন্তত ৮৫০টি শিশুকে লড়াইয়ে যোদ্ধা হিসেবে নিয়োগ করা হয়। তাদের কেউ কেউ হত্যাকারী বা কারারক্ষী হিসেবে কিংবা আত্মঘাতী বোমা হামলার কাজে অংশ নেয়। শিশু যোদ্ধার এ সংখ্যা ২০১৫ সালের তুলনায় অন্তত দ্বিগুণ।
ইউনিসেফ বলছে, সিরিয়ার ২৩ লাখ শিশু তুরস্ক, লেবানন, জর্ডান, মিসর ও ইরাকে শরণার্থী হিসেবে বাস করছে। আরও ২ লাখ ৮০ হাজার শিশু দেশের ভেতরেই অবরুদ্ধ অবস্থায় রয়েছে। তারা খাবার বা ওষুধ পাচ্ছে না। বেঁচে থাকা ক্রমেই কঠিন হতে থাকায় সিরিয়ার ভেতরে বা বাইরে আশ্রিত অনেক পরিবার বাল্যবিবাহ অথবা শিশুশ্রম মেনে নিতে বাধ্য হচ্ছেন।
ইউনিসেফের আঞ্চলিক পরিচালক গির্ট ক্যাপেলিয়ার বলেন, ‘আমাদের আরও অনেক কিছু করার আছে এবং সিরিয়ার শিশুদের বাঁচাতে তা করা উচিত।’
শিশুকল্যাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন গত সপ্তাহে হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিরিয়ায় লাখো শিশু ‘মানসিক চাপের বিষাক্ত পরিবেশে’ রয়েছে। দেশটির দুই-তৃতীয়াংশ শিশু প্রিয়জনকে হারিয়েছে, বাড়িঘরে বোমা বা গোলাবর্ষণ হতে দেখেছে অথবা যুদ্ধাহত হয়েছে।
সিরিয়া যুদ্ধ শুরুর সময় ২০১১ সালে সাজার বয়স ছিল ৭ বছর। এখন সে ১৩ বছর বয়সী। জীবনের প্রায় অর্ধেক সময় ধরে যুদ্ধ চেনে সাজা। লড়াই থেকে বাঁচতে ইতিমধ্যে পাঁচবার বাড়ি ছেড়েছে সে। যুদ্ধ শুরুর তিন বছর পর সাজা তার ভাই ও চার বন্ধুকে আলেপ্পোয় এক বোমা হামলার সময় হারিয়েছে। এ সময় তার একটি পা নষ্ট হয়। এ আঘাত পাওয়ার আগে সে ব্যায়ামবিদ হতে আগ্রহী ছিল।
২০১১ সালের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের বিরুদ্ধে গণবিক্ষোভের জেরে বর্তমান লড়াই শুরু হয়। একপর্যায়ে এটি গৃহযুদ্ধে রূপ নেয়। এতে এ পর্যন্ত ৩ লাখ ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আর বাড়িঘর ছেড়ে পালিয়েছে লাখো মানুষ।