শিশুদের জন্য নির্মম-নিষ্ঠুরতার বছর ২০১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার শিশুরা নজিরবিহীন দুর্ভোগ পোহাচ্ছে। লাখ লাখ শিশু সেখানে প্রতিদিন হামলার শিকার হচ্ছে। ছবি: রয়টার্স
সিরিয়ার শিশুরা নজিরবিহীন দুর্ভোগ পোহাচ্ছে। লাখ লাখ শিশু সেখানে প্রতিদিন হামলার শিকার হচ্ছে। ছবি: রয়টার্স

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ গত বছরকে সিরিয়ার শিশুদের জন্য সবচেয়ে ভয়াবহ বছর বলে অভিহিত করেছে। আজ সোমবার সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়।

বিবিসির খবরে বলা হয়, ইউনিসেফ বলেছে, সিরিয়ায় গৃহযুদ্ধের যে কোনো বছরের তুলনায় ২০১৬ সালেই সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে। ইউনিসেফের হিসেবে, গত বছর নিহত হয়েছে অন্তত ৬৫২ শিশু। এদের মধ্য ২৫৫ জনের প্রাণ গেছে স্কুলে কিংবা স্কুলের আশপাশে। শিশু মৃত্যুর এ সংখ্যা ২০১৫ সালের তুলনায় ২০ শতাংশ বেশি। কেবল যাচাই করা মৃতের সংখ্যা হিসাব করেই সংস্থাটি এ হিসাব দিয়েছে। ফলে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশিও হতে পারে বলে জানিয়েছে ইউনিসেফ।

সংস্থাটির হিসাব মতে, গেল বছর প্রায় ৮৫০ জনের বেশি শিশুকে লড়াইয়ের ময়দানে নামানো হয়েছিল। আগের বছর ২০১৫ সালের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। যুদ্ধে যোগ দেওয়া এসব শিশুরা সম্মুখ যুদ্ধে লড়াই করার পাশাপাশি কখনো আত্মঘাতী বোমা হামলাকারী, বন্দিশালার প্রহরী এমনকি জল্লাদ হিসেবেও কাজ করেছে। ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক গ্রিট ক্যাপেলেয়ার বলেছেন, ‘সিরিয়ার শিশুরা এভাবে নজিরবিহীন দুর্ভোগ পোহাচ্ছে। লাখ লাখ শিশু সেখানে প্রতিদিন হামলার শিকার হচ্ছে। তাদের জীবন ওলট পালট হয়ে যাচ্ছে।

সিরিয়ায় গৃহযুদ্ধের যে কোনও বছরের তুলনায় ২০১৬ সালেই সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে। ছবি: এএফপি
সিরিয়ায় গৃহযুদ্ধের যে কোনও বছরের তুলনায় ২০১৬ সালেই সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে। ছবি: এএফপি

ছয় বছর আগে বাশার আল-আসাদের শাসনের বিরুদ্ধে সিরিয়ায় প্রথম প্রতিবাদ শুরু হয়। প্রতিবাদ পরে সহিংসতা এবং এরও পরে গৃহযুদ্ধের সূচনা করে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক দল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, গৃহযুদ্ধের কারণে ৩ লাখ ২০০০০ জনের প্রাণ গেছে।

গ্রিট ক্যাপেলেয়ার আরও বলেন, ‘প্রতিটি সন্তান ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাদের ভবিষ্যৎ বিক্ষত।

গেল সপ্তাহে আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, সিরিয়ায় চলমান যুদ্ধ ও সহিংসতার কারণে লাখ লাখ শিশু প্রচণ্ড মানসিক চাপের (টক্সিক স্ট্রেস) মধ্যে দিন কাটাচ্ছে। এতে বদলে যাচ্ছে তাদের আচরণ। অনেকে ভয়ে ঘন ঘন বিছানা ভেজাচ্ছে, নিজেদের ক্ষতি করছে, আত্মহত্যার চেষ্টা করছে, আক্রমণাত্মক আচরণও করছে। যুদ্ধের ভয়াবহতার কারণে শিশুরা এমন তীব্র মানসিক চাপে ভুগছে। সিরিয়ার অনেক শিশুর সাক্ষাৎকার নিয়ে এসব তথ্য পেয়েছে সংস্থাটি।

সিরিয়া যুদ্ধের শুরুতে ২০১১ সালে সাজার বয়স ছিল মাত্র সাত। এখন ১৩ বছর বয়সী এই শিশুর জীবনের প্রায় অর্ধেক যুদ্ধেই কেটে গেল। যুদ্ধের কারণে পাঁচবার তাদের বাড়ি বদলাতে হয়েছে। সংঘর্ষ শুরুর তিন বছরেই আলেপ্পোতে বোমা হামলায় ভাই এবং তার চার বন্ধুদের হারায় সে। সেই হামলা পা হারায় সাজা।