শিশুসেনা নিয়োগকারী দেশের তালিকায় পাকিস্তান-তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের সেনা হিসেবে নিয়োগ বা ব্যবহারকারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।
ছবি: রয়টার্স

শিশুদের সেনা হিসেবে নিয়োগ বা ব্যবহারকারী দেশগুলোর তালিকায় পাকিস্তান ও তুরস্ককে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির চাইল্ড সোলজারস প্রিভেনশন অ্যাক্ট (সিএসপিএ) তালিকায় এই দুই দেশের নাম এসেছে। এতে দেশ দুটিকে সামরিক সহায়তার পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।  

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও তুরস্কের এই তালিকাভুক্তির বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক ট্রাফিকিং ইন পারসনস (টিআইপি) প্রতিবেদনেও অন্তর্ভুক্ত হয়েছে। মানব পাচার প্রতিরোধে বিভিন্ন দেশের ব্যর্থতার বিষয়টি এই প্রতিবেদনে উঠে আসে।

চাইল্ড সোলজারস প্রিভেনশন অ্যাক্টের জন্য বার্ষিক টিআইপি প্রতিবেদনে বিগত বছরে কোন কোন দেশ শিশুদের সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে বা শিশু সৈনিক ব্যবহার করেছে, সেই তালিকা প্রকাশের দরকার হয়। সশস্ত্র বাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সরকার–সমর্থিত বিভিন্ন সশস্ত্র গ্রুপে শিশুদের নিয়োগ বা ব্যবহারের বিষয়টি এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়।

২০২১ সালের সিএসপিএ তালিকায় আফগানিস্তান, মিয়ানমার, কঙ্গো, ইরান, ইরাক, লিবিয়া, মালি, পাকিস্তান, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, তুরস্ক, ভেনেজুয়েলা ও ইয়েমেনের নাম রয়েছে।

এগুলোর মধ্যে কঙ্গো, সোমালিয়া ও ইয়েমেনের নাম ২০১০ সালে শুরু হওয়ার পর প্রতিবছরই এই তালিকায় থাকছে। এ ছাড়া আফগানিস্তান, ইরান, ইরাক, লিবিয়া, মালি, মিয়ানমার, নাইজেরিয়া, দক্ষিণ সুদান ও সিরিয়ার নাম গত ১০ বছরে একাধিকবার এসেছে।

২০১০ সালে যখন প্রথম সিএসপিএ তালিকা প্রকাশ করা হয় তখন মাত্র ৬টি দেশ ছিল। ১০ বছর পর এসে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে ১৪টি দেশে দাঁড়ায়। চলতি বছর তালিকায় ১৫টি দেশের নাম এসেছে, যা এ–যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। আগের বছরের সব দেশই নতুন তালিকায় এসেছে, সঙ্গে যোগ হয়েছে পাকিস্তান ও তুরস্কের নাম।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ‘শিশুসেনা’ হিসেবে ১৮ বছরের কম বয়সী যারা প্রত্যক্ষভাবে সেনাবাহিনী, পুলিশ কিংবা সরকারি নিরাপত্তা সংস্থায় কাজ করে তাদের বোঝানো হয়। এদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনী, পুলিশ কিংবা অন্য নিরাপত্তা সংস্থায় নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর পাঁচক, কুলি, সংবাদবাহক, স্বাস্থ্যকর্মী, গার্ড এবং যৌনদাসদেরও ‘শিশুসেনা’ হিসেবে বোঝানো হয়।

তালিকায় স্থান পাওয়া দেশগুলোর বেশ কিছু কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে সিএসপিএ। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সামরিক শিক্ষা-প্রশিক্ষণ, সেনাবাহিনীতে বিদেশি অর্থায়ন, যুক্তরাষ্ট্রের অ্যাকসেস ডিফেন্স আর্টিকেলস প্রোগ্রাম এবং শান্তিরক্ষা কার্যক্রম থেকে বাদ দেওয়া। পাশাপাশি এসব দেশে সরাসরি সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধেরও সুপারিশ করা হয়েছে।

আগামী অক্টোবর থেকে দেশগুলোর ওপর এক বছরের জন্য এসব বিধিনিষেধ আরোপ হওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সুনজর পাওয়া দেশের জন্য তা কার্যকর হবে না।