শিস দিয়ে সুরে সুরে প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যামং জনগোষ্ঠীর এক নারী ছোট্ট বাদনযন্ত্র দিয়ে সুরেলা ভাষায় কথা বলছেন। ছবি: বিবিসির সৌজন্যে
হ্যামং জনগোষ্ঠীর এক নারী ছোট্ট বাদনযন্ত্র দিয়ে সুরেলা ভাষায় কথা বলছেন। ছবি: বিবিসির সৌজন্যে

হিমালয়ের পাদদেশে ঘুরতে যাওয়ার সৌভাগ্য যদি আপনার হয়ে থাকে, তাহলে কখনো বনের ভেতর থেকে অচেনা দ্বৈত সুর কানে এসে পৌঁছাতে পারে। মনে হবে যে একজন সুরকার তাঁর যন্ত্রে কোনো সুর তুলতে চাইছেন। আসলে তা নয়। এটি দুই প্রেমিক-প্রেমিকার সাংকেতিক ভাষা। শিস তুলে সুরে সুরে তারা মনের ভাব বিনিময় করছে।

হিমালয়ের পাদদেশ ও এর আশপাশের বনাঞ্চলের মানুষ মুখ দিয়ে পাখির শিসের মতো শব্দ করেন। এই সুরেলা শব্দ দিয়েই তাঁরা মনের ভাব প্রকাশ করেন। তবে সেখানকার প্রেমিক-প্রেমিকারাই এই ভাষায় সবচেয়ে বেশি কথা বলেন। শুধু হিমালয়ের এলাকাই নয়, চীন, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডে বসবাসকারী হ্যামং জনগোষ্ঠীও এভাবে মনের ভাব প্রকাশ করে থাকে।

হ্যামং জনগোষ্ঠীর কৃষকেরা মূলত এই শিসের সাহায্যে বেশি কথা বলেন। বন বা মাঠের ভেতর শিস দিলেই যাকে খোঁজা হচ্ছে, তিনি ওই শব্দ শুনে সাড়া দেন। এই শিস অনেক দূর পর্যন্ত পৌঁছায়। এই জনগোষ্ঠীর তরুণ-তরুণীও এই ভাষায় কথা বলেন। প্রথমে কোনো তরুণ কোনো তরুণীকে দেখে শিস দেন। তরুণী যদি এতে সাড়া দেন, তাহলে তাঁদের মাঝে শিসের মাধ্যমেই কথা আদান-প্রদান শুরু হয়।

পাহাড়ি উপত্যকা অঞ্চলে পাখির শিসের মতো ভাষায় কথা বলে মানুষ। তীক্ষ্ণ শিস ভাষা প্রায় পাঁচ মাইল দূর পর্যন্ত পৌঁছাতে পারে। ছবি: বিবিসির সৌজন্যে
পাহাড়ি উপত্যকা অঞ্চলে পাখির শিসের মতো ভাষায় কথা বলে মানুষ। তীক্ষ্ণ শিস ভাষা প্রায় পাঁচ মাইল দূর পর্যন্ত পৌঁছাতে পারে। ছবি: বিবিসির সৌজন্যে

ফ্রান্সের ইউনিভার্সিটি অব গ্রেনোবেলের অধ্যাপক জুলিয়েন মিয়ের ২০০০ সালের শুরুর দিকে এসব এলাকা পরিদর্শন করেছেন। এই বিষয়ের ওপর তিনি গবেষণা করেছেন। তিনি বলেন, পাখির শিসের মাধ্যমে কথা বলা ভালোবাসা প্রকাশের জুতসই ভাষা। সুরেলা ভাষা। এতে আশপাশের মানুষ খুব একটা বুঝতে পারেন না—তাঁরা কী বলছেন।

জুলিয়েন মিয়ের বলেন, শিস দিয়ে কথা বলা শুধু ভাষার বৈচিত্র্যকেই তুলে ধরছে না, মানুষের যোগাযোগের সীমাবদ্ধতার বিষয়টি বুঝতেও সহায়তা করছে। বিশ্বের ছোট ছোট ৭০টির বেশি গোষ্ঠীর মানুষ নিজেদের মূল ভাষার পাশাপাশি এই ভাষায় কথা বলেন। তাঁরা মূল ভাষার চেয়েও শিস দিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

অ্যাটলাস মাউন্টেন এলাকার আমাজিঘ (বারবার) উপজাতির মানুষেরা শিস ভাষায় কথা বলেন। ছবি: বিবিসির সৌজন্যে
অ্যাটলাস মাউন্টেন এলাকার আমাজিঘ (বারবার) উপজাতির মানুষেরা শিস ভাষায় কথা বলেন। ছবি: বিবিসির সৌজন্যে

জুলিয়েন মিয়ের বলেন, প্রায় ৪০ বছর আগে থেকে পাখির মতো শিস দিয়ে মানুষ কথা বলা শুরু করে। প্রথমে স্পেনের ক্যানারি দ্বীপের মানুষেরা এই ভাষায় কথা বলা শুরু করে।

গবেষণা নিবন্ধে জুলিয়েন মিয়ের বলেন, খ্রিষ্টপূর্ব পাঁচ শতকে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস ইথিওপিয়ার গুহাবাসীদের মধ্যে এ ধরনের ভাষা ব্যবহারের নমুনা পেয়েছিলেন। সে সময় তাঁরা তীক্ষ্ণ চিঁ চিঁ শব্দে কথা বলতেন। বর্তমানে ইথিওপিয়ার ওমো উপত্যকায় শিস ভাষার প্রচলন আছে। স্বাভাবিক ভাষার চেয়ে তীক্ষ্ণ শিস ভাষা প্রায় পাঁচ মাইল দূর পর্যন্ত পৌঁছাতে পারে। পাহাড়ি এলাকার কৃষক ও মেষপালক রাখালেরা একজন আরেকজনের থেকে অনেক দূরে দূরে অবস্থান করেন। এ কারণে তাঁরা নিজেদের মধ্যে কথা বলতে শিসের ব্যবহার করেন। আমাজন বনেও এ ধরনের ভাষার ব্যবহার আছে।

জুলিয়েন মিয়ের বলেন, শিস ভাষা যুদ্ধক্ষেত্রে অস্ত্র হিসেবেও ব্যবহার হতো। আগে অ্যাটলাস মাউন্টেন এলাকায় আমাজিঘ উপজাতির মানুষেরা ফ্রান্সের বিরুদ্ধে এই ভাষায় বার্তা পাঠাতেন। অস্ট্রেলিয়ার সেনাবাহিনীও এক সময় পাপুয়া নিউগিনি থেকে জাপানের বিরুদ্ধে বেতারে শিসের মাধ্যমে বার্তা পাঠাত। এতে যাকে বার্তা পাঠানো হতো, কেবল তাঁরাই বুঝতে পারেন। তথ্য ফাঁস হওয়ার কোনো সুযোগ ছিল না তখন। চীনের হ্যামং ও আখা উপজাতির মানুষেরা এখনো শিস দিয়ে কথা বলেন। 

বিবিসি অনলাইন অবলম্বনে আবু হেনা মোস্তফা কামাল