শিয়াওবোর মৃত্যু নিয়ে বিদেশি সমালোচনা প্রত্যাখ্যান চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সবচেয়ে পরিচিত ভিন্নমতাবলম্বী লিউ শিয়াওবোর মৃত্যুর ঘটনায় বিদেশি সমালোচনা প্রত্যাখ্যান করেছে বেইজিং। আন্তর্জাতিক সমালোচনার কারণ, যকৃতের ক্যানসারে আক্রান্ত এই মানবাধিকারকর্মীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ দেয়নি চীনের সরকার। এ বিষয়ে বেইজিং গতকাল শুক্রবার বলেছে, এটা চীনের অভ্যন্তরীণ ব্যাপার এবং এ নিয়ে ‘অনুচিত মন্তব্য’ করার সুযোগ অন্যান্য দেশের নেই।

‘রাষ্ট্রীয় কর্তৃত্বে ফাটল ধরানোর চেষ্টার’ অভিযোগে নোবেল শান্তি পুরস্কারজয়ী শিয়াওবো ১১ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পেশায় অধ্যাপক শিয়াওবোর বয়স হয়েছিল ৬১ বছর। নোবেল কমিটি বলেছে, তাঁর মৃত্যুর দায় চীনকে নিতে হবে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল বলেন, শিয়াওবোর ক্যানসার আরও অনেক আগে শনাক্ত করার সুযোগ ছিল কি না, সেই প্রশ্নের জবাব চীনকে দিতে হবে। যুক্তরাজ্যও বলেছে, শিয়াওবোকে বিদেশে যেতে বাধা দিয়ে চীন ‘ভুল’ করেছে।