শিয়াদের বর্জনের মধ্যে ভোট হলো বাহরাইনে
‘আরব বসন্তের’ পর বাহরাইনে প্রথমবারের মতো গতকাল শনিবার পার্লামেন্ট ও পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটির শিয়াপন্থী দলগুলো এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।
বাহরাইনে শিয়ারা বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ হলেও শাসকগোষ্ঠী সুন্নি। শিয়াপন্থী দলগুলোর জোট আল-ওয়েফাক এবারের নির্বাচনকে ক্ষমতাসীনদের ‘ক্ষমতা পাকাপাকি’ করার পদক্ষেপ আখ্যা দিয়ে বর্জন করেছে। সেই সঙ্গে আল-খলিফা রাজবংশের প্রভাবমুক্ত স্বাধীন প্রধানমন্ত্রী নির্বাচনের দাবি জানিয়েছে। আল-ওয়েফাকের সদস্য আবদুল জলিল খলিল বার্তা সংস্থা এপিকে বলেন, সরকার চলমান রাজনৈতিক সংকট মোচনে ব্যর্থ হয়েছে। তাই এই নির্বাচনও ব্যর্থ হবে।
তবে সরকারের পক্ষ থেকে সব দলকে বিভেদ ভুলে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তথ্যমন্ত্রী সমিরা ইব্রাহিম বিন রজব বলেছেন, আল-ওয়েফাকসহ সবার সঙ্গে আলোচনার দ্বার কখনো বন্ধ করা হবে না। কিন্তু কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। সহিংসতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হবে।