শেষ চেষ্টায় জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা শহরে যে শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, তা শুরুতেই বড় ধরনের হোঁচট খেয়েছে। বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কি হয়নি, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। জাতিসংঘ, সিরিয়া সরকার ও দেশটির বিদ্রোহীদের প্রতিনিধিদের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। এর মধ্যেই রাশিয়ার সামরিক সহায়তায় সিরিয়ার বাহিনী দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহর ঘিরে ফেলেছে। খবর এএফপির।
জেনেভায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের প্রধান জোট হাই নেগোসিয়েশনস কমিটির (এইচএনসি) সঙ্গে জাতিসংঘের সিরিয়াবিষয়ক দূত স্তেফান দ্য মিস্তুরা গত সোমবার বৈঠক করেন। বৈঠকের পর তিনি ‘আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে’ বলে ঘোষণা দেন। কিন্তু মঙ্গলবার বাশার আল-আসাদের প্রতিনিধিদলের প্রধান বাশার আল জাফরি বলেন, বিরোধী পক্ষে কারা কারা আছে, তা-ই তাঁরা এখনো জানেন না। তাঁর দাবি, আলোচনা শুরু হয়নি; বিষয়টি ‘এখনো প্রস্তুতির পর্যায়ে’ রয়েছে। এরপরই এইচএনসির সদস্য ফারাহ আতাসি বলেন, আলোচনার মধ্যে রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনী বোমা হামলা চালাচ্ছে। এরপর আর জাতিসংঘের দূত মিস্তুরার সঙ্গে তাঁদের আলোচনায় বসার কোনো অর্থ নেই।
তবে মিস্তুরা সব পক্ষকে এক টেবিলে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাশারবিরোধীরা শর্ত দিয়েছিল, রাশিয়া ও সিরিয়া বিমান হামলা বন্ধ না করলে তারা আলোচনায় বসবে না। এই শর্তে ছাড় দিয়ে বিদ্রোহীদের টেবিলে বসতে অনুরোধ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ প্রভাবশালী নেতারা।
এদিকে জেনেভায় যখন আলোচনা নিয়ে তোড়জোড় চলছে, সে মুহূর্তে সিরিয়ায় বিদ্রোহীদের দখল করে নেওয়া সবচেয়ে বড় শহর আলেপ্পো চারদিক থেকে সরকারি বাহিনী ঘিরে ফেলেছে। সেখানে বিদ্রোহীদের রসদ সরবরাহের সব পথ বন্ধ হতে চলেছে। মঙ্গল ও বুধবারের রুশ হামলায় আলেপ্পোর অন্তত ৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে।