
থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর দেশটির জনগণ শোকের পাশাপাশি এক ধরনের শূন্যতা ও অনিশ্চয়তা অনুভব করছে। ভুমিবলের উত্তরসূরি হবেন তাঁর ছেলে যুবরাজ মাহা ভাজিরালংকর্ন। তবে তিনি বাবা ভুমিবলের সমান শ্রদ্ধা ও আস্থা জনসাধারণের কাছ থেকে অর্জন করতে পারবেন কি না, তা নিয়ে বিশেষজ্ঞরা সংশয়ে।
থাইল্যান্ডের জনগণের কাছে যুবরাজ মাহা ভাজিরালংকর্ন সম্পর্কে নেতিবাচক ধারণা আছে। তাঁর তিনবার বিবাহবিচ্ছেদ এবং নিজের পোষা কুকুরকে বিমান বাহিনীর প্রধান (এয়ার চিফ মার্শাল) পদবি দেওয়ার ঘটনাগুলো নিয়ে বিতর্ক অনেক। এ রকম একজন ব্যক্তিকে রাজা হিসেবে দেশটির রাজতন্ত্রপন্থী জনগণ এবং ক্ষমতাসীন সামরিক জান্তা কীভাবে মেনে নেবে, সেটা বড় এক প্রশ্ন।
ভাজিরালংকর্ন অস্ট্রেলিয়ার ডানট্রুন সামরিক কলেজে প্রশিক্ষণ নিয়েছেন। বেশ কিছু ফৌজি খেতাব ও পাইলটের লাইসেন্স আছে তাঁর। তবে সরকারি দায়িত্ব পালনে গত কয়েক দশকে তাঁর আগ্রহ খুব কমই দেখা গেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অতি নারীপ্রীতি, বেহিসাবি আচরণ এবং কখনো কখনো নিষ্ঠুরতার অভিযোগ রয়েছে। তবে রাজপরিবারের সদস্যদের সমালোচনা নিষিদ্ধকারী বিশেষ আইনের সুবিধা পান তিনি।
জনগণের শোক: রাজধানী ব্যাংককের রাস্তায় রাস্তায় গতকাল ছিল শোকাহত মানুষের সারি। স্থানীয় একটি হাসপাতাল থেকে গতকাল শুক্রবার রাজা ভুমিবলের মরদেহ রাজপ্রাসাদের একটি মন্দিরে নেওয়া হয়। ঐতিহ্যবাহী রাজকীয় শেষকৃত্য ও দাহকাজের প্রস্তুতির জন্য কয়েক মাস লাগবে। তার আগ পর্যন্ত ভুমিবল শায়িত থাকবেন ওই মন্দিরে। সাম্প্রতিক বিশ্বে রাজাদের মধ্যে সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকা ভুমিবল ৮৮ বছর বয়সে গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় থাই সরকার বছরব্যাপী শোক ঘোষণা করেছে। থাই মন্ত্রিসভা গতকাল সরকারি ছুটি ঘোষণা করে। দেশটিতে আগামী ৩০ দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।