শোকে শান্ত রিয়াদ

যানজট আর লোকজনের হই-হুল্লোড় সৌদি আরবের রাজধানী রিয়াদের নিত্যদিনের ঘটনা। তবে সেই চিরচেনা দৃশ্য দেখা যায়নি গতকাল রোববার। বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুতে এদিন জাতীয় শোক ঘোষণা করেছিলেন নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ। এদিকে শোক ও সমবেদনা জানাতে এদিনও রিয়াদে পৌঁছেছেন অনেক বিশ্বনেতা। খবর এএফপির।
৯০ বছর বয়সী আবদুল্লাহর মৃত্যুর পর গত শুক্রবার সিংহাসনের দায়িত্ব নেওয়া সালমানকে সমবেদনা জানাতে গতকাল রিয়াদে যান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। আরব ও মুসলিম বিশ্বের পাশাপাশি ইউরোপ, এশিয়া ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানেরাও রিয়াদে গেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, প্রয়াত আবদুল্লাহর সৎভাই ও নতুন বাদশাহ সালমান গতকাল সরকারি ছুটি ঘোষণা করেন।
অতিথিদের মধ্যে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফও। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সুন্নি সৌদি আরবের সঙ্গে সম্পর্কোন্নয়নে এ বিরল সফরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লা, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও প্রিন্স চার্লসসহ অনেকে রিয়াদে গেছেন।
আল-ইয়ামাহ প্যালেসের বাইরের রাস্তাটির চার লেনেই গাড়ি। বিলাসবহুল থেকে শুরু করে নানা মডেলের গাড়িগুলো ধীরে ধীরে এগিয়ে গেছে শুভাকাঙ্ক্ষীদের নিয়ে। তবে একটু দূরে গেলেই সবকিছু স্বাভাবিক। দেশটিতে যে নতুন যুগের শুরু হয়েছে, তার কোনো লক্ষণই বোঝা যায় না। কেবল কিছু নতুন বিলবোর্ড স্থান পেয়েছে, যেখানে বাদশাহ আবদুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।