শোকস্তব্ধ কাবুল রাষ্ট্রীয় শোক পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবারের আত্মঘাতী হামলায় নিহত এক ব্যক্তির মরদেহ ঘিরে গতকাল স্বজনদের শোক। ওই হামলায় অন্তত ৮০ জন নিহত হন l রয়টার্স
আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবারের আত্মঘাতী হামলায় নিহত এক ব্যক্তির মরদেহ ঘিরে গতকাল স্বজনদের শোক। ওই হামলায় অন্তত ৮০ জন নিহত হন l রয়টার্স

শিয়াদের বিক্ষোভে বোমা হামলায় ৮০ জন নিহতের পর গতকাল রোববার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয় আফগানিস্তানজুড়ে। আর শোকে নিমজ্জিত ছিল গোটা কাবুল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে তালেবানকে ক্ষমতা থেকে অপসারণের পর থেকে রাজধানীতে এটি সবচেয়ে বড় একক প্রাণঘাতী হামলা। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর দায়িত্ব স্বীকার করেছে।
কাবুলে সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের একটি বিক্ষোভ সমাবেশে শনিবার ওই আত্মঘাতী বোমা হামলা হয়। আফগানিস্তানের কট্টরপন্থী গোষ্ঠী তালেবান এ হামলার নিন্দা জানিয়েছে। এ ছাড়া জাতিসংঘ ও মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও এ হামলার সমালোচনা করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে গতকাল কাবুলের হাসপাতাল ও মর্গগুলোতে ভিড় জমান তাঁদের স্বজনেরা। ছিন্নবিচ্ছিন্ন শরীরের টুকরা থেকে নিজের প্রিয় মানুষটিকে চিহ্নিত করার চেষ্টা করেন তাঁরা। বোমা হামলায় আহত ব্যক্তিদের সামলাতে হিমশিম খায় হাসপাতালগুলো। রক্তের অভাবে অনেকের অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছিল না। এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তদানের আহ্বান জানানো হয়।
হামলাস্থলটি পরিণত হয়েছিল হতাহত ব্যক্তিদের আইডি কার্ড, ব্যানারসহ পোড়া মাংসের স্তূপে। প্রেসিডেন্ট আশরাফ ঘানি ঘটনাস্থলটির নতুন নাম দেন ‘শহীদ স্কয়ার’। নিরাপত্তার কারণে ১০ দিনের জন্য জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। কিন্তু এরপরও অনেক প্রতিবাদকারীই সেখানে রাতভর অবস্থান নেন।
আফগানিস্তানের নানগারহার প্রদেশে আইএসের উপস্থিতি রয়েছে। ন্যাটোর বিমান হামলার মদদ নিয়ে সেখানে অভিযানও চলছে। শনিবারের হামলার পর দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা বলেছে, এই হামলার পরিকল্পনা করেন ওই প্রদেশের আচিন জেলার আবু আলী নামে এক আইএস কমান্ডার। আহমাদ সাইদি নামে এক বিশ্লেষক বলেন, কাবুলের মতো হামলার মধ্য দিয়ে আইএস তাদের শক্তি প্রদর্শন করতে চাইছে।’