শোকে-ক্ষোভে বিহ্বল কাবুল
আগের দিনের প্রাণঘাতী বিস্ফোরণের জেরে গতকাল কাবুলজুড়ে চলছিল শোকের মাতম। গতকাল বৃহস্পতিবার স্বজনহারাদের কেউ কেউ বিলাপের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছিলেন। প্রিয়জনকে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন।
রাজধানীর কূটনৈতিক পাড়ার মতো সুরক্ষিত এলাকায় গাড়িবোমা হামলা অন্তত ৯০ জন নিহতের ঘটনাটিতে স্বাভাবিকভাবেই সরকারের ব্যর্থতাই বড় সামনে আসছে। সরকারিভাবে এতে নিহতের সংখ্যা বলা হয়েছে ৮০। ‘বর্বরোচিত’ এ হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কাবুলের জানবাক চত্বরে জার্মান দূতাবাসের কাছে বুধবার শক্তিশালী গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। ওই রাতেই টেলিভিশনে দেওয়া ভাষণে জাতীয় ঐক্যের ডাক দেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তাঁর গোয়েন্দা সংস্থা ওই হামলার জন্য তালেবান সমমনা জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেছে। কিন্তু তা প্রেসিডেন্টের বিরুদ্ধে জনরোষ কমাতে পারেনি।
গতকাল পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তালেবান এ হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল উপস্বরাষ্ট্রমন্ত্রী মুরাদ আলী বলেন, কাবুলের হামলায় ৮০ জন নিহত এবং ৪৬৩ জন আহত হয়েছেন। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা অজানাই থেকে যাবে এমনও বলছেন কেউ কেউ।
এনায়েতুল্লাহ নামের একজন দোকানি বলেন, ‘আমাদের নেতারা দেশের নিরাপত্তা নিশ্চিত করবেন—এটাই আমরা চাই। যদি তাঁরা না পারেন, তাঁদের পদত্যাগ করা উচিত।’
কাবুলের হামলায় জার্মানি ছাড়াও ফ্রান্স, ভারত, তুরস্ক, জাপান, সংযুক্ত আরব আমিরাত ও বুলগেরিয়ার কূটনৈতিক দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এতে করে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে।
মার্কিন নেতৃত্বাধীন অভিযানে ২০০১ সালে তালেবান উৎখাতের পর কাবুলে এটি সবচেয়ে মারাত্মক একক হামলা। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে কল দিয়ে বলেন, পবিত্র রমজান মাসে ঘটা এই হামলা ‘জঙ্গিদের বর্বরসুলভ প্রকৃতির পরিচয় দেয়, যারা সব সভ্য মানুষের শত্রু।’
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, কাবুলে তাদের দূতাবাসের জন্য কাজ করা ১১ জন আফগান প্রহরী নিহতের মধ্যে আছেন। এ ছাড়া কাবুলে কনট্রাকটর হিসেবে কাজ করা ১১ মার্কিন নাগরিক বোমা হামলায় আহত হয়েছেন।