শ্রীলঙ্কায় খেলোয়াড়ের লাশ কবর থেকে তোলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার তারকা রাগবি খেলোয়াড় ওয়াসিম থাজুদিনের লাশ কবর থেকে তোলা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে গতকাল সোমবার ফরেনসিক বিশেষজ্ঞরা তাঁর লাশ তোলেন। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে তাঁর হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে। খবর এএফপির।
পুলিশ সম্প্রতি দাবি করে, নির্যাতন করে ওয়াসিমকে হত্যা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর মৃত্যুর ঘটনাটি পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। ২০১২ সালের মে মাসে মারা যান রাগবি তারকা ওয়াসিম। সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে সে সময়ে পুলিশ জানায়। তবে স্থানীয় গণমাধ্যম বলেছিল, ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন ওয়াসিম। এতে জড়িত ছিলেন রাজাপক্ষের দ্বিতীয় ছেলে ইউশিথা।
গত সপ্তাহে নতুন সিরিসেনা সরকারের এক মুখপাত্র বলেন, ওয়াসিমকে অপহরণ এবং হত্যায় রাজাপক্ষের তিন নিরাপত্তারক্ষীকে চিহ্নিত করা হয়েছে। মাহিন্দা রাজাপক্ষে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে যখন রাজনীতিতে ফিরতে চাইছেন, ঠিক তখনই তাঁর ছেলের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ উঠল। সাবেক প্রেসিডেন্টের দাবি, রাজনৈতিক স্বার্থেই এ হত্যাকাণ্ডের অভিযোগ সাজিয়েছে ক্ষমতাসীন সরকার।