শ্রীলঙ্কায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ
শ্রীলঙ্কায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।
এএফপির খবরে জানানো হয়, আগামী বৃহস্পতিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে। তৃতীয় দফায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন।
ওই নির্বাচনের আগে ভোটারদের ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক পর্বেবেক্ষকেরা।
৫৫ সদস্যের আন্তর্জাতিক পর্যবেক্ষক দল গতকাল রোববার সাংবাদিকদের বলেছে, ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ পেয়েছে তারা। সংখ্যালঘু তামিল এলাকায় ভোটারদের স্বাধীনভাবে ভোট দিতে নিরুৎসাহ করতে সেনাবাহিনী ৪০০টি সড়ক-প্রতিবন্ধক তৈরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পর্যবেক্ষক দলের প্রধান এস ওয়াই কোরায়শি বলেন, ‘বিরোধী দলের অভিযোগ, ভোটারদের দূরে রাখতেই এগুলো তৈরি করা হয়েছে। তবে কর্তৃপক্ষ আমাদের বলেছে, এই নির্বাচনে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই। তবু বিষয়টি আমরা দেখছি।’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকে তাঁরা ২২টি নির্বাচনী জেলায় শেষ মুহূর্তের প্রচার পর্যবেক্ষণ করবেন। ভোটের দিন তাঁরা ভোটকেন্দ্রে উপস্থিত থাকবেন।
শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের আমন্ত্রণে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলটি সে দেশে গেছে।