শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধ নিয়ে প্রতিবেদন বিলম্বিত হচ্ছে
শ্রীলঙ্কায় দীর্ঘ গৃহযুদ্ধের শেষ পর্যায়ে সংঘটিত যুদ্ধাপরাধ নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত প্রতিবেদনটির প্রকাশ আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। জাতিসংঘ গত সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
শ্রীলঙ্কার নতুন সরকার নিজেরা নতুন করে তদন্ত করবে এ কথা জানিয়ে সে পর্যন্ত প্রতিবেদনটি বিলম্বিত করার অনুরোধ করেছিল।
বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলাদের বিরুদ্ধে দীর্ঘ গৃহযুদ্ধের শেষ পর্যায়ে শ্রীলঙ্কার সরকারি বাহিনী যুদ্ধাপরাধমূলক কাজ করে বলে অভিযোগ রয়েছে।
জাতিসংঘের প্রতিবেদন প্রকাশে বিলম্বের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শ্রীলঙ্কার সরকার। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তকাজে তারা সহযোগিতার আশ্বাসও দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের এ সিদ্ধান্তের ফলে অভ্যন্তরীণ তদন্তের জন্য আরও সময়-সুযোগ পাওয়া যাবে।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান জেইদ রা’দ আল হুসেইনের কার্যালয় থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয়, শ্রীলঙ্কার ব্যাপারে তদন্ত প্রতিবেদন আগামী মাসে প্রকাশ করার কথা ছিল। কিন্তু এটি ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। দেশটিতে পরিস্থিতির পরিবর্তন হওয়ার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এগুলো তদন্ত প্রতিবেদনটিকে শক্তিশালী করতে পারে।
ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মাইথ্রিপালা সিরিসেনা বিস্ময়করভাবে বিজয়ী হয়ে সরকার গঠন করেছেন। এতে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে নতুন যুগের সূচনা প্রত্যাশা করা হচ্ছে।
সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সরকার জাতিসংঘের তদন্তদলকে সহযোগিতা করতে রাজি হয়নি। ওই সরকারের আমলেই তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের শেষ পর্যায়ে সেনাবাহিনীর প্রায় ৪০ হাজার তামিল বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।