শ্রীলঙ্কার তামিলদের সহায়তার প্রতিশ্রুতি জন কেরির
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তামিল সম্প্রদায়কে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে গতকাল রোববার শ্রীলঙ্কা সফর শেষ করেছেন। আলোচিত এ সফরে তিনি ওই সম্প্রদায়ের প্রধান রাজনৈতিক দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের (টিএনএ) নেতাদের সঙ্গে বৈঠক করেন। খবর এএফপির।
টিএনএর আইনপ্রণেতা সুরেশ প্রেমচন্দ্রন এএফপিকে বলেন, তাঁরা রাজধানী কলম্বোর একটি হোটেলে জন কেরির সঙ্গে ৩০ মিনিটের বৈঠকে অংশ নেন। মীমাংসা, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র কলম্বোর ওপর চাপ দেবে বলে কেরি জানিয়েছেন। মূলত তামিল বিদ্রোহের বিরুদ্ধে সরকারি অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি ওই প্রতিশ্রুতি দেন।
গৃহযুদ্ধে হাজার হাজার তামিল মানুষ নিখোঁজ হওয়ার অভিযোগ তদন্তের জন্য তামিলদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন জন কেরি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় সত্যিকারের আপস-মীমাংসা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র সহায়তা দেবে।’
শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিলরা কয়েক দশকের জাতিগত লড়াইয়ে বিপর্যস্ত। পৃথক তামিল রাষ্ট্রের জন্য লড়াই করা তামিল বাহিনী এলটিটিইর চূড়ান্ত পরাজয়ের মাধ্যমে ২০০৯ সালের মে মাসে যুদ্ধ শেষ হয়। যুদ্ধের শেষ পর্যায়ে তামিল এলাকায় সরকারি বাহিনীর ব্যাপক অভিযানে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ পাওয়া যায়। শ্রীলঙ্কার সাবেক সরকার এ ব্যাপারে তদন্ত করতে জাতিসংঘকে সহায়তা করতে রাজি না হলেও নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সরকার এ ব্যাপারে অবস্থান পরিবর্তন করেছে।
কেরি গত শনিবার এক দিনের সফরে শ্রীলঙ্কা যান। তিনি দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করেন। শ্রীলঙ্কায় গত এক দশকে এটিই কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।