শ্রীলঙ্কার ধর্মপ্রচারককে প্রথম সন্তের স্বীকৃতি দিলেন পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় গতকাল বুধবার লাখো মানুষ সমবেত হয়ে ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসকে স্বাগত জানিয়েছে। পোপ এদিন দেশটির প্রথম খ্রিষ্টান সন্ত (সেইন্ট) হিসেবে সপ্তদশ শতকের ধর্মপ্রচারক জোসেফ ভাজকে স্বীকৃতি দিয়েছেন। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
দক্ষিণ এশীয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় দুই দশকের মধ্যে এটিই কোনো পোপের প্রথম সফর।
গৃহযুদ্ধ-পরবর্তী শ্রীলঙ্কায় পুনর্মিলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে ফ্রান্সিস বলেন, শান্তির জন্য ধর্মীয় বিভেদকে অতিক্রম করে যেতে হবে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কার দুই কোটি জনসংখ্যার প্রায় সাত শতাংশ ক্যাথলিক খ্রিষ্টান।
পোপের সফর উপলক্ষে কলম্বোয় আনুমানিক ১০ লাখ লোকের সমাগম হয় বলে জানিয়েছে পুলিশ। বলা হচ্ছে, শহরটির ইতিহাসে এটিই সবচেয়ে বড় সমাবেশ।
শ্রীলঙ্কার আর্চবিশপ ম্যালকম রণজিৎ বলেন, দীর্ঘদিনের গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সচেষ্ট দেশটির জন্য বিপুল আনন্দ নিয়ে এসেছেন পোপ।
শ্রীলঙ্কায় সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে যুদ্ধকালীন নেতা মাহিন্দা রাজাপক্ষের পরাজয়ের পর একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এ পরিস্থিতিতে পোপের সফর এবং পুনর্মিলনের আহ্বান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তা ছাড়া উন্নয়নশীল বিশ্বে ভ্যাটিকানের উপস্থিতি জোরদার করার চেষ্টার প্রমাণ তাঁর এই সফর।
সন্ত ঘোষিত ধর্মপ্রচারক জোসেফ ভাজ ডাচ ঔপনিবেশিক শাসকদের ধর্মীয় নিগ্রহের সময় শ্রীলঙ্কায় ক্যাথলিক মতবাদ পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন। তিনি ভিক্ষুকের ছদ্মবেশে গ্রামে গ্রামে গিয়ে ক্যাথলিক আদর্শ প্রচার করেন। ডাচ শাসকেরা তখন ক্যাথলিক যাজকদের নিষিদ্ধ করেছিল। ১৬৫১ সালে ভারতের গোয়ায় (তৎকালীন পর্তুগিজ উপনিবেশ) জন্ম নেন ভাজ।