শ্রীলঙ্কার নতুন আইনপ্রণেতারা শপথ নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার নতুন পার্লামেন্ট গতকাল মঙ্গলবার শপথ নিয়েছে। দেশটিতে গত ১৭ আগস্ট অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে একটি ব্যাপকভিত্তিক ঐক্যের সরকার গঠন করেন। খবর এএফপির।
সর্বশেষ নির্বাচনে বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে দলটি ২২৫ আসনের পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। আশা করা হচ্ছে, নতুন সরকারের অধীনে দেশটিতে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার বাস্তবায়িত হবে।
নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে এবং অন্য আইনপ্রণেতারা গতকাল শপথ নেন। ইউএনপির নেতৃত্বে জোট সরকারে যোগ দিয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (এসএলএফপি)। তবে তিনি গতকাল পার্লামেন্টে বিরোধী দলের জন্য নির্ধারিত আসনেই বসেছেন।
রাজাপক্ষে এক দশক প্রেসিডেন্ট ছিলেন। তামিল বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের চূড়ান্তভাবে পরাজিত করতে সক্ষম হওয়ায় একপর্যায়ে তাঁর জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল। তবে গত জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সাবেক সহযোগী মাইথ্রিপালা সিরিসেনার কাছে হেরে যান।
পার্লামেন্ট নির্বাচনে সংখ্যালঘু তামিলদের রাজনৈতিক দল তৃতীয় সর্বোচ্চ আসনে জয়ী হয়। তামিল আইনপ্রণেতারাও গতকাল শপথ নিয়েছেন। তাঁরা নতুন একটি সংবিধান প্রণয়নের মাধ্যমে ‘গণতন্ত্র ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠার’ দাবি জানিয়েছেন।