শ্রীলঙ্কার প্রশংসা করলেন কেরি
গণতান্ত্রিক সংস্কারের পথে গত মাত্র কয়েক মাসেই শ্রীলঙ্কা ‘ব্যাপক উন্নতি’ করেছে বলে প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। একদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শনিবার শ্রীলঙ্কায় এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা সামারাভিরার সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন কেরি। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের নানা পদক্ষেপের কারণে কূটনৈতিকভাবে একঘরে হয়ে যাওয়া দ্বীপদেশটির জন্য কেরির এই সফরকে উত্তরণের একটি ইঙ্গিত হিসেবে মনে করা হচ্ছে। খবর এএফপি’র।
গত এক দশকে এই প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কা সফর করলেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এক বিবৃতিতে জন কেরি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ক্ষেত্রে শ্রীলঙ্কায় অফুরন্ত সুযোগ সৃষ্টি হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কেউই কঠিন সিদ্ধান্ত নিতে ভীত নন।’
শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিলদের সঙ্গে ৩৭ বছরের সংঘাতের পর সম্পর্ক উন্নয়ন এবং শান্তি স্থাপনে পদক্ষেপ নেওয়ায় সিরিসেনার নতুন সরকারের প্রশংসা করেন কেরি।
তামিল বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের শেষ দিকে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘকে তদন্ত না করতে দেওয়ায় রাজাপক্ষের সময় পাশ্চাত্যের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক শীতল হয়ে পড়ে।