ভারতের জোর আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কা চীনের একটি ডুবোজাহাজ ও একটি যুদ্ধজাহাজকে সে দেশের বন্দরে ভিড়তে দিয়েছে। গত রোববার শ্রীলঙ্কার কর্মকর্তারা এ কথা জানান। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার।
চীনের পরমাণুশক্তিচালিত ডুবোজাহাজ চাসজেং-২ এবং যুদ্ধজাহাজ চান জিং দাও গত শুক্রবার কলম্বো বন্দরে নোঙর করে। গত ১৫ সেপ্টেম্বর চীনের আরেকটি ডুবোজাহাজ একই বন্দরে ভিড়েছিল।
শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র কোসালা ওয়ার্নাকুলাসুরিয়া বলেন, ‘একটি ডুবোজাহাজ এবং একটি যুদ্ধজাহাজ কলম্বো পোতাশ্রয়ে নোঙর করেছে। এগুলো গত ৩১ অক্টোবর সেখানে নোঙর করে এবং জ্বালানি সংগ্রহ ও ক্রুর বিশ্রামের জন্য পাঁচ দিন অবস্থান করবে।’
ভারত গত মাসের শুরুতে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব গোতাবায়া রাজাপক্ষের কাছে উদ্বেগ জানিয়ে বার্তা পাঠায়। তাই আবারও চীনা ডুবোজাহাজের প্রবেশকে ভারতের উদ্বেগের প্রতি অবজ্ঞা প্রদর্শন বলে মনে করা হচ্ছে।
শ্রীলঙ্কার বন্দরে ‘ঘন ঘন’ চীনের ডুবোজাহাজ নোঙরের ঘটনা ভারতকে উদ্বিগ্ন করে তুলছে বলে জানান এক ভারতীয় কর্মকর্তা। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল এবং বর্তমানে চেন্নাই সেন্টারের চীনবিষয়ক গবেষক আর হরিহরণ বলেন, ভারতের উদ্বিগ্ন হওয়ার অনেক কারণ রয়েছে। চীনা ডুবোজাহাজ এই প্রথমবারের মতো কথিত জলদস্যুবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ভারত মহাসাগরে প্রবেশ করেছে। স্বাভাবিক কার্যক্রমের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়।