শ্রীলঙ্কার রহস্যের আঁধার
ছুটি কাটানোর জন্য যা যা দরকার, সবই আছে সেখানে। চমৎকার জলবায়ু, বন্ধুসুলভ মানুষ, সুস্বাদু খাবার, মনোরম সৈকত। বিনোদনের এমন আয়োজনের মধ্যেও রয়েছে রহস্যের আঁধার। শ্রীলঙ্কায় অবসর কাটানোর মতো কিছু জায়গায় এমন পরিস্থিতি লক্ষণীয়।
থালসেভানা এমন এক অবকাশকেন্দ্র। সাগরপারের ওই স্থানে একসময় তামিলদের বসতি ছিল। এখন সেখানে বিলাসবহুল ভবনসহ রয়েছে নানা আয়োজন। জায়গাটির আসল মালিক বলে যাঁরা দাবি করেন, তাঁরা থাকেন কাছের এক বস্তিতে। তাঁদের দাবি, নিজ ভূমিতে এখন পরবাসীর মতো আছেন।
বিলাসবহুল অবকাশকেন্দ্রটি সেনাবাহিনী পরিচালনা করছে। সেনাবাহিনীর দাবি, তামিলরা কেউ প্রমাণ করতে পারেনি জমিটি তাদের। মালিকানার বিষয়েও নির্ভরযোগ্য তথ্য মেলেনি। তাই অব্যবহৃত একটি জমিকে তারা কাজে লাগিয়েছে।
শ্রীলঙ্কায় অবকাশকেন্দ্রের অভাব নেই। রাস্তার ধার ঘেঁষে রয়েছে একের পর এক অবকাশকেন্দ্র। তবে থালসেভানার কিছু বিশেষত্ব রয়েছে। এই অবকাশকেন্দ্রে ঢুকতে হলে সেনাবাহিনীর তল্লাশি চৌকি পেরোতে হয়। সেখানে পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু পরীক্ষা করে দেখা হবে। এমনকি অতিথিদের গাড়িতে ক্যামেরা আছে কি না, তাও পরীক্ষা করা হয়। সাংবাদিকদের এই অবকাশকেন্দ্রে ঢোকার ব্যাপারে রয়েছে নানা নিষেধাজ্ঞা।
থালসেভানায় ঢুকলেই চোখে পড়ে উঠানে রাখা সামরিক যান। রয়েছে সেনাছাউনিও। পরিচারকদের চুল সেনাদের মতো করে ছাঁটা। বুক ফুলিয়ে দাঁড়ানোর ভঙ্গিটিও চোখে পড়ার মতো। শুধু পরিচারক নয়, থালসেভানার বেশির ভাগ কর্মীই এমন। এখানকার সবাই আসলে সেনাসদস্য। যদিও কারও পরনে সামরিক পোশাক নেই। আবার কোথাও কোথাও সশস্ত্র সেনা টহলও রয়েছে।
অবকাশকেন্দ্রের জৌলুসময় অংশটি পার হলে দৃশ্যটা কিছুটা অন্য রকম। বোঝা যায়, গৃহযুদ্ধের ছয় বছর পার হলেও বৈষম্য কাটেনি। শ্রীলঙ্কা এখনো বিভক্ত।
অবকাশকেন্দ্রের কাছ থেকে দূরে ছোট ছোট ঘরে তামিল লোকজনের বাস। প্রায় ২০০ জন তামিলের বাস সেখানে। ৫৮টি পরিবার। তাঁদের জন্য পানি ও শৌচাগারের ব্যবস্থা সামান্যই।
বাসিন্দাদের অভিযোগ, গৃহযুদ্ধ চলার সময় তাঁদের জায়গা-জমি দখল করেছে সেনারা। এখন তাঁদের এভাবেই থাকতে বাধ্য করা হচ্ছে। তাঁদের জরাজীর্ণ টিনের ঘরের সামনে দাঁড়িয়ে জুলিয়াস সেলভামার অভিযোগ করেন, সাগরপারে নিজেদের জমি থেকে তাঁদের উচ্ছেদ করা হয়েছে। এখন এই বস্তির জীবন যেন নরক।
সেলভামার বলেন, এই জমির দাম এখন কয়েকগুণ বেড়ে গেছে। কিন্তু জমি আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।
এসব অভিযোগ অমূলক বলে দাবি করলেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জয়নাথ জয়উইরা। তিনি বলেন, জমিটি অযথা পড়েছিল। সেনাবাহিনী জমিটি জনকল্যাণমূলক কাজে লাগিয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, তখন কেউ জমির মালিকানা দাবি করেনি কেন? ব্যাপারটি নিয়ে তিনি কমান্ডারের সঙ্গে কথা বলবেন।
শ্রীলঙ্কার কিলিনোচ্চির নাম হয়তো অনেকেই ভোলেননি। এটি ছিল তামিল বিদ্রোহী সংগঠন তামিল টাইগার আর্মিদের সদর দপ্তর। দুই দশক ধরে সেখানে চলেছে ধ্বংসযজ্ঞ আর সহিংসতা। কিলিনোচ্চিতে এখন নতুন রাস্তা হয়েছে। চালু হয়েছে নতুন রেলপথ। আধুনিক হয়ে উঠছে কিলিনোচ্চি। তবে মানবাধিকার লঙ্ঘন থেমে নেই। হাজারো তামিল এখন ঘরহারা। বিবিসি অবলম্বনে