শ্রীলঙ্কার সঙ্গে 'স্থিতিশীল' সামরিক সম্পর্ক চায় চীন
কলম্বোর সঙ্গে সামরিক সম্পর্ক উন্নয়নের ধারা ‘অব্যাহত ও স্থিতিশীল’ রাখার বিষয়টি নিশ্চিত করতে চায় বেইজিং। চীনের প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়ানকুয়ান শ্রীলঙ্কার নৌবাহিনীর প্রধান জয়ন্থা পেরেরাকে গতকাল মঙ্গলবার এ কথা বলেছেন। খবর রয়টার্সের।
ভবিষ্যতে কোনো চীনা ডুবোজাহাজের শ্রীলঙ্কায় প্রবেশের সম্ভাবনা কলম্বোর পক্ষ থেকে নাকচ করে দেওয়ার পর এ মন্তব্য করলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। চ্যাং ওয়ানকুয়ান শ্রীলঙ্কার নৌবাহিনীর প্রধানকে বলেন, সম্পর্কে অব্যাহত স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে শ্রীলঙ্কার সঙ্গে জোরালোভাবে কাজ করতে চায় চীন।
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ক্ষমতায় আসার পর দেশটির সঙ্গে চীনের সম্পর্কে পরিবর্তন এসেছে। কলম্বো বন্দরে একটি প্রকল্পে চীনের ১০৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগসহ আরও কয়েকটি বাস্তবায়নাধীন পরিকল্পনা নতুন করে ভেবে দেখছে বর্তমান সরকার। সিরিসেনা সরকার আগের রাজাপক্ষে সরকারের চীনমুখী নীতি থেকে সরে ভারতের দিকে ঝোঁকার ইঙ্গিত দিয়েছে।
শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে একটি সমুদ্রবন্দর ও একটি বিমানবন্দর নির্মাণ করেছে চীন। এতে দেশটিতে চীনা প্রভাব বৃদ্ধির আশঙ্কা করছে ভারত। ঐতিহ্যগতভাবে কলম্বোর ওপর প্রতিবেশী বড় দেশ ভারতের প্রভাবই বেশি।