শ্রীলঙ্কায় আগাম প্রেসিডেন্ট নির্বাচন জানুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় আগামী জানুয়ারিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বর্তমান মেয়াদ পূরণের দুই বছর আগেই হতে যাচ্ছে এই নির্বাচন। সোমবার দেশটির তথ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
এক জনসমাবেশে তথ্যমন্ত্রী রামবুকওয়েলা বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচন আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। আমি সুনির্দিষ্ট তারিখ জানি। তবে এই মুহূর্তে বলতে পারছি না।’
প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে তৃতীয়বার ক্ষমতায় আসতে আগাম এই নির্বাচনে অংশ নেবেন। তিনি ২০০৫ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০১০ সালে। বর্তমানে তিনি ছয় বছর মেয়াদে দায়িত্ব পালন করছেন। ২০১০ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেন রাজাপক্ষে। পরে ওই মাসেই শ্রীলঙ্কার এমপিরা সংবিধানের একটি সংশোধনী অনুমোদন করেন, যার মাধ্যমে রাজাপক্ষ কতবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন সে ব্যাপারে সুযোগ রয়েছে। সমালোচকেরা বলে আসছেন, এই সংশোধনী রাজাপক্ষকে স্বৈরতন্ত্রের দিকে পরিচালিত করতে পারে। সংশোধনীর প্রতিবাদে দেশটির প্রধান বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি গত নির্বাচন বয়কট করে।