শ্রীলঙ্কায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরির প্রকল্প বাতিল করেছে দেশটির সরকার। শ্রীলঙ্কার সিলোন ইলেকট্রিসিটি বোর্ডের (সিইবি) সঙ্গে যৌথ অংশীদারত্বের ভিত্তিতে ওই প্রকল্প বাস্তবায়ন করার কথা ছিল ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি)।
শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় গত মঙ্গলবার সুপ্রিম কোর্টকে বলা হয়েছে, ত্রিনকোমালির সামপুরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন পরিকল্পনায় পরিবেশবিদেরা গভীর উদ্বেগ জানিয়েছেন। তাই মন্ত্রণালয় এ পরিকল্পনাটি বাতিল করতে যাচ্ছে। তবে কলম্বোর ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা বলেছেন, এ বিষয়ে শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে তাঁদের এখনো কিছু জানানো হয়নি।
এ সিদ্ধান্তটি এনটিপিসি ও সিইবির মধ্যকার যৌথ উদ্যোগের ওপর সত্যিকার অর্থেই একটি বড় ধাক্কা। অর্ধেক-অর্ধেক অংশীদারত্বের এই উদ্যোগটি ছিল এনটিপিসির প্রথম আন্তর্জাতিক যৌথ উদ্যোগ। শ্রীলঙ্কার বিদ্যুৎ মন্ত্রণালয়ের মহাপরিচালক সুলক্ষণা জায়াওয়ারদেনা বলেছেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত প্রভাব সম্পর্কে উদ্বেগগুলো বিবেচনায় নিয়ে তরল প্রাকৃতিক গ্যাস, সৌরশক্তি ও বায়ুশক্তির মতো বিকল্পগুলো নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
২০০৬ সালে শ্রীলঙ্কা সরকার, সিইবি ও এনটিপিসির মধ্যে একটি চুক্তির পরিপ্রেক্ষিতে একটি যৌথ উদ্যোগের প্রকল্প হিসেবে সামপুর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব উত্থাপন করা হয়। ২০১১ সালে ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে ত্রিনকোমালি পাওয়ার কোম্পানি লিমিটেড গঠন করা হয়।