শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে ভিটাছাড়া এক লাখ মানুষ জমি পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন, দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর শরণার্থীশিবিরে বাসরত এক লাখের বেশি বাস্তুচ্যুত মানুষকে আগামী ছয় মাসের মধ্যে বাড়ি তৈরির জন্য জমি বরাদ্দ দেওয়া হবে। এএফপিকে গত রোববার দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
শরণার্থী শিবিরের এই বাসিন্দাদের প্রায় সবাই একসময়ের সরকারবিরোধী তামিল। সিরিসেনার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল সোমবার তামিলদের সংগঠন দ্য তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের (টিএনএ) মুখপাত্র এম এ সুমন্থিরন বলেছেন, তাঁরা প্রেসিডেন্টের এ উদ্যোগকে স্বাগত জানান।
সিরিসেনা বলেন, উত্তর ও পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং পুত্তলাম প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলের যুদ্ধবিধ্বস্ত এলাকার বাস্তুচ্যুতদের এ বছরের মাঝামাঝি জমি দেওয়া হবে।
২০০৯ সালে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের নির্দেশে তামিলবিরোধী অভিযান চালানো হয়। সে সময় সেনাবাহিনী নির্বিচারে গণহত্যা চালায় বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগ তদন্তে শ্রীলঙ্কা সরকারের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে। এ প্রসঙ্গে সিরিসেনা বলেন, এ বিষয়েও তিনি উদ্যোগ নেবেন। তবে এটি সময়সাপেক্ষ ব্যাপার।