শ্রীলঙ্কায় গোলার ভান্ডারে ভয়াবহ আগুন
শ্রীলঙ্কায় গোলাবারুদের ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একটি হাসপাতাল ও শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে গতকাল সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনাস্থলের কাছাকাছি বাস করা হাজারো লোককে সরে গিয়ে স্কুল ও মন্দিরে আশ্রয় নিতে বলা হয়েছে। রাজধানী কলম্বোর প্রান্তে অবস্থিত সালাওয়া সামরিক কমপ্লেক্সে গত রোববার সন্ধ্যায় আগুন লাগে। প্রায় ১২ ঘণ্টা পর নেভানো সম্ভব হয়। তবে সেনা মুখপাত্র জয়নাথ জায়াইরা বলেন, আগুন নিভলেও সেখানে থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে। এ কারণেই বাসিন্দাদের আমরা দূরে সরে যেতে বলেছি।
কলম্বোর প্রধান চিকিৎসা কর্মকর্তা পালিথা মাহিপালা বলেন, দেশটির ইতিহাসে গোলাবারুদের ভান্ডারে আগুন লাগার সবচেয়ে ভয়াবহ ঘটনা এটি। এতে অন্তত একজন সেনা দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। নিঃশ্বাসের সঙ্গে অতিরিক্ত ধোঁয়া গ্রহণের কারণে অসুস্থ হয়ে পড়া ও আহত প্রায় ৫০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিস্ফোরণের ঘটনা পর্যালোচনা করে দেখতে গতকালই বৈঠকে বসার কথা ছিল শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের।