শ্রীলঙ্কায় ডেঙ্গু মোকাবিলায় সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় মশার প্রজননস্থল ধ্বংসে সেনাবাহিনী মোতায়েন করার কথা গতকাল রোববার জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি বছর দেশটিতে ডেঙ্গু জ্বরে ২১৫ জন মারা গেছে। উল্লেখ্য, ডেঙ্গু জ্বরের বাহক হলো এডিস মশা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে শ্রীলঙ্কায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৭১ হাজার মানুষ। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত ৫৫ হাজার রোগীর চেয়ে তা অনেক বেশি। সে বছর এই জ্বরে সেখানে মারা গিয়েছিল ৭৮ জন। আর এ বছরের প্রথম ছয় মাসেই ডেঙ্গু জ্বরে মারা গেছে ২১৫ জন।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় সম্প্রতি ঘটে যাওয়া বন্যার কারণে বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনার স্তূপে ভরে গেছে রাজধানী কলম্বো। তার ওপর বর্ষাকালের স্যাঁতসেঁতে আবহাওয়া মিলে সেখানের অনেক এলাকা পরিণত হয়েছে মশার উপযুক্ত প্রজননস্থলে। এর ফলে দেশটিতে বেড়ে গেছে ডেঙ্গু জ্বরের প্রকোপ।

সেনাবাহিনী জানিয়েছে, ডেঙ্গু জ্বরের বাহক মশার প্রজননস্থল শনাক্ত করে সেসব ধ্বংস করতে পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের সহায়তায় বড় ধরনের এক উদ্যোগ হাতে নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত কলম্বো ও এর আশপাশের এলাকায় সংশ্লিষ্ট মশার প্রজননস্থল ধ্বংস করতে তাদের ২৫টি দল কাজ করবে।