শ্রীলঙ্কায় তামিলদের দাবি বড় দলগুলোর প্রত্যাখ্যান
শ্রীলঙ্কার তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ) যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জাফনা উপদ্বীপ অঞ্চলে তামিলদের স্বায়ত্তশাসনের যে দাবি জানিয়েছিল, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। তাদের যুক্তি, এ ধরনের পদ্ধতি হলে দেশে বিভক্তি দেখা দেবে। খবর দ্য হিন্দু ও এএফপির।
শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স, ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট ফর গুড গভর্ন্যান্স এবং জনতা বিমুক্তি পেরুমানা একজোট হয়ে টিএনএর দাবি প্রত্যাখ্যান করেছে। ফ্রিডম পার্টির নেতা অনুরা প্রিয়দর্শনা ইয়াপা বলেন, স্বায়ত্তশাসনের কথা বললে জনগণ তাঁকে বিচ্ছিন্নতাবাদ মনে করতে পারে।
তামিল অধ্যুষিত উত্তরাঞ্চলীয় প্রদেশের রাজধানী জাফনার সড়কে সড়কে এখন আর আগের মতো সেনাদের প্রহরা চৌকি নেই। বিদেশি পর্যটক ও সাংবাদিকদের যাতায়াতের ওপর থেকে বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ গৃহযুদ্ধের ক্ষত সারাতে জাফনা উপদ্বীপের তামিলরা আরও বেশি কিছু চায়। তাই আগামী পার্লামেন্ট নির্বাচন উপলক্ষে টিএনএর ইশতেহারে যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় জাফনার স্বায়ত্তশাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তামিলদের ওই জোটের নেতা আর সাম্পানাথান আশা করেছিলেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার দাবি সমর্থন করবে। কিন্তু তাঁর সে আশা পূরণ হয়নি।