শ্রীলঙ্কায় ভূমিধসে দেড় শতাধিক প্রাণহানির আশঙ্কা
শ্রীলঙ্কায় তিন দিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস হয়েছে। ধসে পড়া মাটির নিচ থেকে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দেড় শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় মৃত্যু হয়েছে অন্তত ৩২ জনের।
ত্রাণ ও উদ্ধারকারী সংস্থা রেডক্রস জানিয়েছে, শ্রীলঙ্কার কেগালে জেলার কয়েকটি গ্রাম ও শহরে গত মঙ্গলবার দুই দফায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে অন্তত দুই শতাধিক পরিবার চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিএমসি) মুখপাত্র শরৎ কুমার জানান, ভূমিধসের পর ৩৫০ জনের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে দেড় শতাধিক মানুষকে। তবে এখনো প্রায় ১৪০টি ঘরবাড়ি চাপা পড়ে রয়েছে বলে তাঁরা খবর পেয়েছেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কেগালে জেলার আরানায়েকা শহরে ভূমিধসের ব্যাপকতা বেশি। কলম্বো থেকে ১০০ কিলোমিটার উত্তর-পূর্বের এই শহরে উদ্ধার তৎপরতাও বেশি। সেখানে তিন শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন।
রেডক্রস শ্রীলঙ্কার মহাপরিচালক নেভিলে নানায়াঙ্কারা বলেন, সরকারি হিসাবের তুলনায় বেশি প্রাণহানি হতে পারে। দেশটির মহাসড়কের কিছু অংশ ভারী বর্ষণে তলিয়ে গেছে। এ কারণে উদ্ধারকাজে নিয়োজিত যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সেখানে সরঞ্জামাদিও নেওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে।
বিবিসি জানিয়েছে, শ্রীলঙ্কার ২৫টি জেলার ১৯টিই ভারী বর্ষণের কবলে পড়েছে। অনবরত বৃষ্টিপাতের ফলে সাড়ে তিন লাখ মানুষ বাস্তুহারা হয়েছে।