শ্রীলঙ্কায় ভূমিধসে শতাধিক প্রাণহানির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে গতকাল বুধবার শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী কলম্বোর ১৯০ কিলোমিটার দূরে চা-বাগান ঘেরা পাহাড়ি গ্রাম হালদুমুল্লায় এই ভূমিধসের ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্সের।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র শরৎ কুমার জানান, ভূমিধসে ১৫০টি বাড়ি চাপা পড়ে তিন শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। পরে দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মাহিন্দা অমরাবিরা ভূমিধসের ঘটনাস্থল থেকে বলেন, তিনি ধারণা করছেন, এক শর বেশি মানুষ মারা গেছে।
নিরাপত্তা কর্মকর্তারা এরই মধ্যে অভিযান চালিয়ে ১০টি লাশ উদ্ধার করেছেন। তবে অন্ধকার এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে বলে জানান মন্ত্রী। সেখানে আবার ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
ওই এলাকায় কর্মরত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোনো পেরেরা জানান, কিছু কিছু বাড়ি মাটির ৩০ ফুট নিচে চাপা পড়ে গেছে। এরই মধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় ৫০০ সেনা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। এক টুইটার বার্তায় দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে উদ্ধার অভিযানে সামরিক বাহিনী ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে বলে জানিয়েছেন। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির ডেইলি মিরর পত্রিকার খবরে বলা হয়, ভূমিধসে প্রায় তিন কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কার বেশির ভাগ এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতের পর ব্যাপক সতর্কতা জারি করা হয়েছিল। গত জুনেও শ্রীলঙ্কায় ভূমিধসে ২২ জন মারা যায়।