ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন রাজাপক্ষে
শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল মঙ্গলবার এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে সামরিক বাহিনীকে ব্যবহারের অভিযোগ আমি অস্বীকার করছি।’ খবর এএফপির।
নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার অভিযোগ, প্রভাবশালী ও অভিজ্ঞ রাজনীতিক রাজাপক্ষে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করেন। গত সপ্তাহের নির্বাচনে পরাজয় নিশ্চিত হওয়ার পর তিনি ক্ষমতায় থাকতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছিলেন।
কিন্তু ওই অভিযোগ উড়িয়ে দিয়ে টুইটারে রাজাপক্ষে বলেন, জনগণের রায় মেনে নিতে তিনি প্রস্তুত ছিলেন। তিনি বলেন, ‘চূড়ান্ত ফল প্রকাশিত হওয়ার অনেক আগেই আমি ফল মেনে নিয়েছি এবং নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছি।’
নতুন সরকার অগ্রাধিকারের ভিত্তিতে অভ্যুত্থান ও ষড়যন্ত্রের এই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে রাজাপক্ষের শিবির থেকে হস্তক্ষেপের আহ্বানের অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হয়নি। কিন্তু সিরিসেনার ঘনিষ্ঠজনেরা এ ব্যাপারে তাঁদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করছেন।
শ্রীলঙ্কার শীর্ষ আইনজীবীরা প্রধান বিচারপতি মোহন পেইরিস এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন। আগের প্রধান বিচারপতি সিরানি বন্দরনায়েককে বিতর্কিতভাবে অভিশংসনের পর রাজাপক্ষের উপদেষ্টা পেইরিসকে নিয়োগ দেওয়া হয়েছিল।