সংকট অন্তত পিছিয়ে দিয়েছে এই সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ছয় পরাশক্তির সঙ্গে দেশটির সমঝোতার ঘটনাটি নানা কারণে গুরুত্বপূর্ণ। একে অভিহিত করা হয়েছে ঐতিহাসিক ঘটনা বলে। তবে বিষয়টি নিয়ে পশ্চিমাদের মধ্যেই মতভেদ রয়েছে। তার পরও বলা হচ্ছে, ইরানকে নিয়ে সম্ভাব্য সংকট অন্তত যে পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে, এটাই একটা সাফল্য।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ, ইসরায়েলের মতো বৈরী প্রতিবেশী বা যুক্তরাষ্ট্রের নানা হুমকি-ধমকি ইত্যাদি ছাপিয়ে শেষ পর্যন্ত কূটনৈতিক প্রয়াসের মাধ্যমেই একটা লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়েছে। সামরিক পদক্ষেপকে ‘খারাপ পছন্দ’ হিসেবে পাশ কাটিয়ে কূটনীতিকেরা সব সময়ই চুক্তির বিষয়টিকে গুরুত্ব দেন। যে সমঝোতা হয়েছে, তাকে পূর্ণাঙ্গ চুক্তি মনে করার সুযোগ নেই। এটির বিস্তারিত খসড়া তৈরি করতে আগামী কয়েক সপ্তাহ যথেষ্ট বেগ পেতে হবে। কিন্তু সমঝোতার বর্তমান রূপরেখাটির প্রতি সব পক্ষের সায় রয়েছে। এই অর্জন অবশ্যই তাৎপর্যপূর্ণ।
পরমাণু কর্মসূচি নিয়ে ইরান তাদের দীর্ঘমেয়াদি উচ্চাকাঙ্ক্ষা রাতারাতি আমূল পরিবর্তন করে ফেলেছে—এমন ভেবে বিভ্রান্ত হওয়া কারও উচিত হবে না। তবে বলা যেতে পারে, ইরানকে নিয়ে সম্ভাব্য সংকট বিলম্বিত করা বা পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
সমঝোতার মূল শর্তগুলোর পূর্ণাঙ্গ প্রয়োগ হলে ইরানের পরমাণু কর্মসূচি প্রায় ১০ থেকে ১৫ বছর বন্ধ বা স্থগিত থাকবে। সমঝোতা অনুযায়ী ওই কর্মসূচি যাচাই করে নেওয়ার জন্য কয়েকটি নতুন ও গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যাবে। এর আওতায় আন্তর্জাতিক পরিদর্শকেরা দেখার সুযোগ পাবেন, ইরান আসলে ওই কর্মসূচির আওতায় কী করছে।
তবে পশ্চিমাদের প্রধান উদ্দেশ্য ছিল ইরানকে পরমাণু কর্মসূচি থেকে একেবারেই বিরত রাখা। বর্তমান সমঝোতাটি তাদের সেই লক্ষ্য থেকে অনেক দূরে। তাই বলা যায়, সম্ভাব্য সংকট আপাতত পিছিয়ে দেওয়া সম্ভব হলেও একেবারে প্রতিহত করা যায়নি। এই সমঝোতায় কিছুটা সময় পাওয়ার সুযোগ হয়েছে। সেই সময়ে অনেক কিছুই ঘটতে পারে।
পারমাণবিক কর্মসূচি ছাড়াও মতভেদের আরও অনেক ক্ষেত্র থাকতে পারে। ইরান একটি উদীয়মান আঞ্চলিক শক্তি। ইরাক, সিরিয়া, লেবাননসহ বেশ কয়েকটি আরব দেশের ওপর তাদের প্রভাব রয়েছে। মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্বে ইরানের ভাবমূর্তি নেতিবাচক। দেশটি সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয় বলেও অভিযোগ রয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতায় পৌঁছানো মোটেও সহজ ব্যাপার ছিল না।