প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ায় রাজনৈতিক পালাবদলের জন্য যুক্তরাষ্ট্রকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে আলোচনা করতে হবে। তাঁকে চাপ দিয়ে আলোচনায় বসতে বাধ্য করার পথও খুঁজতে হবে। খবর আল-জাজিরার।
সিবিএস নিউজে গত রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি ওই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার ক্ষমতায় থাকার সব ধরনের বৈধতা হারিয়েছেন অতীতের এ কথা পুনর্ব্যক্ত করেননি।
কেরি বলেন, ‘শেষ পর্যন্ত আমাদের আলোচনা করতে হবে। জেনেভায় অনুষ্ঠিত সম্মেলন অনুযায়ী আলোচনার ব্যাপারে আমরা আগ্রহী।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এবং অন্য কয়েকটি দেশ সিরিয়ার সংঘাত অবসানে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করার পথ খুঁজছে। তবে তিনি সেই অন্য দেশগুলোর নাম বলেননি।