তেহরানে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার পর সৌদি আরব ইরানের সঙ্গে সর্বশেষ সম্পর্ক ছিন্ন করেছিল ১৯৮৮ সালে। সেই ক্ষত প্রশমনের চেষ্টায় রিয়াদ আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ১৯৯০ সালে, কুয়েতে ইরাকি নেতা সাদ্দাম হোসেনের আগ্রাসনের সময়। তখন ইরানের ঘোর শত্রু ইরাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল রিয়াদ।
এই দুই দেশের (সৌদি-ইরান) মধ্যে বিরোধ মেটাতে এরপর উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণের দৃশ্য ছিল বিরল। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও তীব্র রাজনৈতিক মতপার্থক্যে দেশ দুটির অবস্থান এখনো বিপরীত। সৌদি-ইরানের এ সম্পর্ক এই সংঘাত ও মতপার্থক্যকেই কেবল বাড়িয়েছে। আগামী দিনে তা আরও বাড়াবে।
এবারও তেহরানে হামলার শিকার হলো সৌদি আরবের দূতাবাস। ইরানের আরেক শহরে সৌদি কনস্যুলেটেও চালানো হয়েছে হামলা। কারণ, সৌদি রাষ্ট্রদ্রোহমূলক কাজে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সে দেশের অন্যতম শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরের।
সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। বের করে দিয়েছে ইরানি দূতাবাসের কর্মীদের। নতুন করে এসব ঘটনা সৌদি-ইরান দীর্ঘ দিনের উত্তেজনাকে আরও বাড়িয়েছে। শুধু তা-ই নয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধানও তুলেছে জটিল করে।
কূটনীতিকেরা বলছেন, নতুন সংকটের কেন্দ্রে রয়েছে ইরান ও তার মিত্রদের সামরিকভাবে মোকাবিলা করার ক্রমবর্ধমান সৌদি আকাঙ্ক্ষা। এক বছর আগে বাদশাহ সালমান সৌদি আরবের ক্ষমতা নেওয়ার পর থেকে এই আকাঙ্ক্ষার শুরু। নিজ দেশে পর্দার অন্তরালের রাজনীতি বন্ধে বাদশাহ সালমান তাঁর ছেলে ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন।
গত বছর রিয়াদ ইয়েমেনে ইরান-সমর্থিত শিয়া হুতি বিদ্রোহীদের দমনে কয়েকটি দেশকে নিয়ে বিমান হামলা শুরু করেছে। সিরিয়ায় তেহরানের মিত্র প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদেরও সমর্থন দিচ্ছে রিয়াদ। মূলত দেশের অভ্যন্তরীণ রাজনীতি ঘিরে শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড সৌদি আরব কার্যকর করলেও সেটি ইরানের সঙ্গে তার প্রকাশ্য বিরোধের একটি অংশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
রিয়াদ কয়েক বছর ধরেই অভিযোগ করছে, ইরান সৌদিসহ আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এটা ক্রমে বাড়ছেই। এই অভিযোগের ধারাবাহিকতায় সৌদি আরবে শিয়া নেতা নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা ঘটল।
সৌদি আরব এই ইঙ্গিতই দিচ্ছে, এই অঞ্চলের শিয়া বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান। সৌদির অভিযোগ, উপসাগরীয় দেশগুলোতে শিয়া বিদ্রোহীদের কাছে অস্ত্রও সরবরাহ করছে তারা। তবে ইরান এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে।
ইরানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নমনীয় না হওয়ার ইঙ্গিত দিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের গত সোমবার রয়টার্সকে বলেন, ‘ইরানকে এই অঞ্চলে আমরা অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেব না। আমরা ইরানকে আমাদের বা আমাদের মিত্রদের নাগরিকদের ক্ষতি করতে দেব না। এর ব্যতিক্রম হলে জবাব দেওয়া হবে।’