সংখ্যালঘুদের অধিকতর স্বায়ত্তশাসনের পক্ষে সু চি

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি দেশটির জাতিগত সংখ্যালঘুদের অধিকতর স্বায়ত্তশাসন অর্জনের পক্ষে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, জাতিগত সংঘাত নিরসনের ওপরই নির্ভর করছে মিয়ানমারের সাফল্য।
দেশটির (বৌদ্ধ) নববর্ষ উপলক্ষে গতকাল সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে অং সান সু চি এসব কথা বলেন।
গত ১ এপ্রিল সেনাশাসিত সরকারের কাছ থেকে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ক্ষমতা বুঝে নেয়। এরপর থেকেই আরও শান্তি ও সম্ভাবনাপূর্ণ ভবিষ্যতের আশায় দিন গুনছে গোটা মিয়ানমার।
এ প্রেক্ষাপটে গতকাল ভাষণে অং সান সু চি বলেন, ১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর থেকেই জাতিগত সংঘাতে জর্জরিত মিয়ানমার। এটি নিরসনের ওপরই নির্ভর করছে দেশের সাফল্য।
এ জন্য এনএলডি সরকার ফেডারেল গণতান্ত্রিক ইউনিয়ন গড়ার চেষ্টা করবেন বলেও জানান সু চি।
সু চি আরও বলেন, শান্তি ও একটি ফেডারেল গণতান্ত্রিক ইউনিয়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ জন্যই আমাদের প্রয়োজন সংবিধান পরিবর্তন করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতীয় ঐকমত্য।
উল্লেখ্য, ২০১১ সালে সেনাশাসকদের স্থলে আধা বেসামরিক সরকার মিয়ানমারের ক্ষমতায় আসার পর থেকেই শান্তি আলোচনায় প্রধান বিষয় হিসেবে আবির্ভূত হয় ফেডারেল সরকারব্যবস্থা। আর বিশ্লেষকেরা বলছেন, ভাষণের মধ্য দিয়ে সু চি সংখ্যালঘু নেতাদের আরও একবার আশ্বস্ত করলেন যে এনএলডি সরকার সংখ্যালঘুদের নিষ্পেষণ করবে না।