মিয়ানমারের সশস্ত্র জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে নতুন গণতান্ত্রিক সরকারের ঐতিহাসিক শান্তি সম্মেলন শেষ হয়েছে গতকাল শনিবার। দেশটির অঘোষিত প্রধান রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এই সম্মেলনকে ‘শান্তির দুরূহ পথ সন্ধানের প্রথম পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।
স্বাধীনতার পর থেকেই মিয়ানমারে চলছে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত। প্রায় সাত দশক ধরে চলা এই লড়াইয়ে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ।
গত নির্বাচনের আগে জাতিগত সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি। তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসার পর থেকেই সশস্ত্র দলগুলোকে আলোচনার টেবিলে আনতে মনোনিবেশ করে। চার দিনব্যাপী এই সম্মেলনে কোনো প্রস্তাব নেওয়া হয়নি। তবে দেশের প্রধান সশস্ত্র গোষ্ঠীগুলোকে আলোচনায় বসাতে পারাটাকেই সু চির একটি বড় অর্জন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্মেলনে প্রায় ২০টি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা তাঁদের প্রতি বৈষম্য এবং রাজনৈতিক প্রত্যাশার কথা তুলে ধরেন। সামরিক বাহিনী সমর্থিত সাবেক সরকারের সঙ্গে আলোচনায় না আসা দলগুলোও সু চির আহ্বানে এ সম্মেলনে অংশ নেয়। তবে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইরত তিনটি সশস্ত্র দল এ আলোচনায় অংশ নেয়নি। ‘ওয়া’ নামের একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আলোচনার দ্বিতীয় দিনে বের হয়ে যায়। চীনের সীমান্তবর্তী এলাকায় তাদের তৎপরতা রয়েছে।
গতকাল সম্মেলনে সু চি বলেন, ‘শান্তি অর্জন খুব জটিল একটি বিষয়। এটি ছিল প্রথম সভা। এরপর আরও অনেক সভা দরকার। এর মধ্যে আমাদের আরও অনেক কাজ করতে হবে।’
গণতন্ত্রের লড়াইয়ের জন্য দীর্ঘ দেড় দশক গৃহবন্দী জীবন কাটানো সু চি শান্তির জন্য সব পক্ষকে সামনের দিকে তাকানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘এখানে সব দল কথা বলেছে। কেউ কেউ অতীতের কথাতেই সীমাবদ্ধ থেকেছেন, কেউ কেউ এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন। যাঁরা এবার অতীতের কথা বললেন, আগামী দিনে নিশ্চয়ই তাঁরা ভবিষ্যতের কথা বলবেন।’