সঙ্গী পেতে জাপানে এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গন্ডার এমা
ছবি: এএফপি

স্বভাবে শান্ত গন্ডারের বয়স পাঁচ বছর। নাম এমা। এত দিন ছিল তাইওয়ানে। কিন্তু সঙ্গী কেউ ছিল না। এবার সঙ্গীর সঙ্গ পেতে দুই হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিল এমা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এমা নামের এই গন্ডারকে নেওয়া হয়েছে জাপানের সাইতামা তাবু চিড়িয়াখানায়। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে মোরানের। মোরান একটি পুরুষ গন্ডার। তার বয়স ১০ বছর।

এর আগে তাইওয়ানের লিওফু সাফারি পার্কে ছিল এমা। সেখানে রয়েছে ২৩টি গন্ডার। এই সাফারি পার্কের কর্মীরা বলেছেন, বেশ স্থির প্রকৃতির এমা। খুব কম সময়ই সে অন্যদের সঙ্গে লড়াই করত। এমাকে পুরুষ বন্ধু মোরানের কাছে নেওয়ার আরেক কারণ অবশ্য রয়েছে। সেটা হলো প্রজনন। এশিয়ায় সাদা গন্ডারের সংখ্যা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী বন্য প্রাণী নিয়ে কাজ করা ওয়ার্ল্ড ওয়াইপ ফান্ড ফর নেচারের তথ্য অনুসারে, বিশ্বজুড়ে এখন রয়েছে ১৮ হাজার সাদা গন্ডার।

যা হোক ১৬ ঘণ্টার ভ্রমণ শেষে এমা সেই সাইতামা তাবু চিড়িয়াখানায় পৌঁছেছে। এরপর এক বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের মহামারির কারণে এমার আসতে দেরি হয়েছে। তবে অবশেষে ৮ জুন সন্ধ্যায় সে পৌঁছেছে আমাদের এখানে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘যে কনটেইনারে করে এমাকে আনা হয়েছে, সেটা আমরা ধীর ধীরে খুলে দিই তার ঘরের সামনে। কোনো ধরনের দ্বিধা ছাড়াই এমা সেই ঘরে গেছে।’

এমার জাপান যাওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় তার যাত্রা পিছিয়ে দেওয়া হয়।