সন্তান বিক্রির দায়ে মাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ছেলে সন্তানকে বিক্রির জন্য চিকিৎসকের সঙ্গে ষড়যন্ত্র করার দায়ে চীনের এক মাকে সাত হাজার ডলার জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির খবরে এ কথা জানানো হয়।

সন্তান বিক্রির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে এটি বেশ আলোড়ন সৃষ্টি করে। এর মাধ্যমে উঠে আসে চীনের শিশু বিক্রির নির্মম চিত্রটি। এরই ধারাবাহিকতায় ওই মাকে জরিমানা করা হলো।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়, মধ্য হেনান প্রদেশের পুলিশের কাছে ওই নারীর শাশুড়ি অভিযোগ করেন, ছেলে সন্তানটিকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। হুয়াং নামের ওই মা সন্তান জন্ম দেওয়ার আগে থেকে বলছিলেন যে জন্মের পর শিশুটি মারা যাবে। এই নারীর আগে বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তাঁর একটি ছেলে আছে। বর্তমান স্বামীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হয় বলেও সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, এই নারী নতুন সন্তানটিকে নিয়ে শঙ্কায় ছিলেন। তাঁর মনে হয়েছিল, এই সন্তান তাঁর আগের সন্তানের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই মায়ের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ গঠন করা হয়। যে চিকিৎসকের সঙ্গে এই মা সন্তান বিক্রির ষড়যন্ত্র করেছিলেন, তারও বিচার চলছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই নারীকে ৪২ হাজার ইউয়ান জরিমানা করা হয়েছে, এর মধ্যে বিক্রি করা সন্তানকে খুঁজে বের করার কাজে ব্যয় করার জন্য সাত হাজার ইউয়ান দিতে বলা হয়েছে।