সন্তানদের দেখে মা-বাবার চোখে আনন্দাশ্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাম লুয়াং গুহা থেকে উদ্ধার হওয়া থাই কিশোর ফুটবলারদের নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিয়াং রাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন তাদেরই কয়েকজন। গতকাল থাইল্যান্ড সরকারের জনসংযোগ বিভাগ তাদের একটি ভিডিও প্রকাশ করে। সেখান থেকেই ছবিটি নেওয়া।  ছবি: এএফপি
থাম লুয়াং গুহা থেকে উদ্ধার হওয়া থাই কিশোর ফুটবলারদের নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিয়াং রাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন তাদেরই কয়েকজন। গতকাল থাইল্যান্ড সরকারের জনসংযোগ বিভাগ তাদের একটি ভিডিও প্রকাশ করে। সেখান থেকেই ছবিটি নেওয়া। ছবি: এএফপি
>
  • গুহা থেকে উদ্ধার ফুটবলাররা
  • প্রথম সাক্ষাৎ ছিল আবেগঘন, অশ্রুসিক্ত।
  • দূর থেকে সন্তানকে দেখার সুযোগ দেওয়া হয়েছিল মা-বাবাকে।

থাইল্যান্ডে গুহা থেকে উদ্ধার হওয়া কিশোর ফুটবলারদের সঙ্গে অবশেষে সাক্ষাতের সুযোগ পেলেন তাদের মা-বাবা। গতকাল বুধবার তাদের প্রথম সাক্ষাৎ ছিল আবেগঘন, অশ্রুসিক্ত। সন্তানকে দেখে অনেক মা-বাবা তাদের অশ্রু ঠেকাতে পারেননি। দূর থেকে সন্তানকে দেখার সুযোগ দেওয়া হয়েছিল মা-বাবাকে। তাই সন্তানদের বুকে জড়িয়ে ধরে আদর করার সুযোগ তাঁরা পাননি।

থাইল্যান্ডের চিয়াং রাই প্রাচানুকরহ হাসপাতালে ১২ কিশোর ও তাদের ২৫ বছরের কোচ চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে সন্তানের সঙ্গে সাক্ষাতের জন্য মা-বাবাকে পরানো হয় হাসপাতালের মাস্ক, গাউন ও সুরক্ষা গ্লাস। নিকষ কালো গুহায় প্রায় তিন সপ্তাহ আটকে থাকা কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছর। সঙ্গে ছিলেন কিশোরদের ফুটবল দল ওয়াইল্ড বোয়ারসের ২৫ বছরের কোচও।

চিকিসৎকেরা বলেছেন, কিশোরদের শারীরিক অবস্থা নিয়ে এখনো উদ্বেগ থাকায় নিয়ন্ত্রিত পরিবেশের মধ্য দিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে দেখার অনুমতি দেওয়া হয়।

কিশোরদের চিকিৎসার দায়িত্বে থাকা একজন চিকিৎসক বলেন, বালকদের মধ্যে তিনজনকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অধিকাংশ বালককে প্রায় এক সপ্তাহ পর হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হতে পারে।

দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচা বলেছেন, গুহায় অবস্থানের সময় কিশোরদের শান্ত রাখতে ওষুধ দেওয়া হয়েছিল। এমন উদ্ধার অভিযানে এর আগেও বিভিন্ন সময় এই ওষুধ প্রয়োগ করা হয়।

এদিকে গতকাল সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযানের প্রধান নারোংসাক অসোতানাকর্ন বলেন, এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ওই এলাকায় একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, কীভাবে অভিযান শুরু করা হয়েছিল তা সেখানে দেখানো হবে।

ওজন হারিয়েছে কিশোরেরা

এদিকে, গতকাল স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গড়ে দুই কেজি করে ওজন হারিয়েছে ১২ কিশোর ও তাদের ফুটবল কোচ। তবে তারা ভালো আছে এবং তাদের মধ্যে চাপের কোনো লক্ষণ দেখা যায়নি। চিকিৎসা মনোবিজ্ঞানী জেনিফার ওয়াল্ড বলেন, ‘তাদের বিষয়টি এখনই শেষ হচ্ছে না। ট্রমা থেকে তাদের মধ্যে মানসিক পীড়া সৃষ্টি হতে পারে। অতীতের যন্ত্রণাদায়ক স্মৃতি তাদের মধ্যে ফিরে আসার আশঙ্কা রয়েছে।’