সন্ত্রাসবাদবিরোধী আইন অনুমোদন চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন গতকাল রোববার দেশটির প্রথম সন্ত্রাসবাদবিরোধী আইন অনুমোদন করেছে। গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ ও বিদেশি প্রতিষ্ঠানের মেধাস্বত্বের ক্ষতি হতে পারে—এ আশঙ্কায় এই আইনের প্রথম খসড়াটির কড়া সমালোচনা হয়েছিল। খবর এএফপির।
মুসলিম-অধ্যুষিত শিনজিয়াং অঞ্চলে জাতিগত সহিংসতা দমন এবং অনলাইন ও রাজপথে রাজনৈতিক মতভিন্নতা নিয়ন্ত্রণে চীন সরকারের কঠোর তৎপরতার মধ্যে এই আইনটি এল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর দিয়ে বলেছে, ‘দেশের ভেতরের সন্ত্রাসবাদ মোকাবিলা এবং বিশ্ব নিরাপত্তা রক্ষায় সহায়তা করার জন্য এটি সরকারের সাম্প্রতিকতম প্রচেষ্টা।’
চীনের আইন পরিষদ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি বিলটি গতকাল অনুমোদন করে। তাৎক্ষণিকভাবে এর ভেতরকার খুঁটিনাটি বিষয় জানা যায়নি। তবে খসড়া আইনে অনলাইনে ‘সহিংসতায় উসকানি দেওয়া’ ঠেকানোর লক্ষ্যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর গোপনীয়তার সাংকেতিক তথ্য সরকারের হাতে তুলে দেওয়ার বিধান ছিল।