সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ 'ভিত্তিহীন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেছে কাতার। সেই সঙ্গে নিজেদের পররাষ্ট্রনীতিতে ‘কারও হস্তক্ষেপ’ সহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছে গ্যাস ও তেল সম্পদে সমৃদ্ধ দেশটি।

কাতার সরকার গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে কাতারের বিরুদ্ধে ‘সন্ত্রাসীদের অর্থ জোগানদাতা’ হিসেবে যে অভিযোগ তুলেছে, তার কোনো ভিত্তি নেই।

 সৌদি আরবসহ কয়েকটি প্রতিবেশী দেশ সম্প্রতি অভিযোগ তোলে যে কাতার বিভিন্ন জঙ্গি ইসলামি সংগঠনকে মদদ ও আর্থিক সহায়তা দিয়ে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এই অভিযোগে দেশগুলো কাতারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে।

 কাতারের গতকালের বিবৃতিতে বলা হয়, ‘ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী অনেক দেশের চেয়ে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান বেশি জোরালো, যা তারা এড়িয়ে গেছে।’

মধ্যপ্রাচ্যের চারটি দেশ কাতারের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা ইউসুফ আল-কারাদাউইসহ ৫৯ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসীদের একটি তালিকা দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি সৌদি আরব ও তার মিত্রদের পক্ষ থেকে কাতারের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার আহ্বান গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দেন।