সন্ত্রাসী ঘটনা নয়
কোনো সন্ত্রাসী ঘটনার কারণে এয়ারএশিয়ার যাত্রীবাহী বিমানটি বিধ্বংস্ত হয়নি। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে নিয়োজিত ইন্দোনেশিয়ার তদন্তকারীরা গতকাল সোমবার এ কথা জানান। ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি কমিটির আন্দ্রেয়াস হানানতো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ১০ সদস্যের তদন্ত দল ককপিট ভয়েস রেকর্ডার থেকে বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে কোনো হুমকির প্রমাণ পায়নি। সন্ত্রাসী কোনো কিছু ঘটলে কোনো হুমকি থাকত। রেকর্ডিং থেকে প্রমাণ মিলেছে, জরুরি পরিস্থিতিতে বিমানের পাইলট বিমানের নিয়ন্ত্রণ ঠিক রাখার চেষ্টা করছিলেন।
গত মাসে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হয় বিমানটি। এতে আরোহী ছিল ১৬২ জন। পরে ইন্দোনেশিয়ার জাভা সাগর থেকে আরোহীদের অনেকের লাশ ও বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। পাওয়া যায় বিমানটির ব্লাক বক্স। এখন ব্লাক বক্সের তথ্য পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।
রয়টার্স