
মিসরের শীর্ষস্থানীয় ইসলামি বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান আলেম শেখ আহমেদ আল তাইয়্যেব বলেছেন, সন্ত্রাসবাদ হচ্ছে একটা ব্যাধি। এটা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছে। এ কারণে প্যারিস হামলার মতো বিশ্বের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ইসলামকে দোষারোপ করা যাবে না। খবর রয়টার্সের।
বিশ্বে ইসলামি শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র আল আজহারের শুরা কাউন্সিলের সভায় আহমেদ আল তাইয়্যেব ফ্রান্স ও ও মালিতে রক্তক্ষয়ী হামলার নিন্দা জানান। তবে তিনি বলেন, ইসলামের সঙ্গে এই সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। তাইয়্যেব বলেন, কোনো সন্ত্রাসী ‘আল্লাহু আকবার’ বলে হামলা চালালেই সেটাকে ইসলামের সঙ্গে জুড়ে দেওয়া অন্যায় এবং পক্ষপাতমূলক। তিনি বলেন, সন্ত্রাসবাদ এমন একটি দর্শন হয়ে দাঁড়িয়েছে যার অনুসারীরা আত্মঘাতী হামলার পথ বেছে নিচ্ছে। কিন্তু এটা নবী-রসুলদের প্রচারিত কোনো ধর্মবিশ্বাসের অনুষঙ্গ নয়। এটা ‘বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক একটা ব্যাধি।’ তাইয়্যেব বলেন, পশ্চিমা দেশগুলোতে যারা প্রতিহিংসার বশে পবিত্র কোরআন কিংবা মসজিদে আগুন দেয় তারাও ‘সন্ত্রাসী’। তাদের এই কর্মকাণ্ড জঙ্গিদের আরও উসকে দেয়।