থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মন্দিরে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। মালয়েশিয়ার পুলিশ-প্রধান গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।
পুলিশ-প্রধান খালিদ আবু বকর সাংবাদিকদের জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে এক নারীসহ দুজন মালয়েশিয়ার নাগরিক। অন্যজন পাকিস্তানি। থাইল্যান্ড কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে থাই কর্তৃপক্ষকে সহায়তাও করছে মালয়েশিয়া। পুলিশ-প্রধান আরও জানান, বেশ কয়েক দিন আগেই ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের এখনো থাই কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। মালয়েশিয়ার পুলিশ নিজেরাও গ্রেপ্তার হওয়া তিনজনের ব্যাপারে তদন্ত করছে। পুলিশ-প্রধান এ ব্যাপারে আর কিছু জানাতে রাজি হননি।
গত ১৭ আগস্ট ব্যাংককের ইরাওয়ান ব্রহ্মা মন্দিরে বোমা বিস্ফোরণে বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন। আহত হন শতাধিক লোক। বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। থাইল্যান্ড অভিযোগ করছে, বিস্ফোরণের ঘটনায় বিদেশিরা জড়িত রয়েছে। থাইল্যান্ড পুলিশ এ পর্যন্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের জন্য তৃতীয় এক ব্যক্তিকে খুঁজছে তারা।