ভারতের পাঞ্জাবের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তান কর্তৃপক্ষ সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা জানানো হয়। খবর এনডিটিভির।
ডন পত্রিকা গতকাল রোববারের এক প্রতিবেদনে বলেছে, সন্ত্রাসবিরোধী আদালত ২ গত শনিবার গ্রেপ্তার ওই তিনজনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ডন-এর প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যক্তি হলেন খালিদ মাহমুদ, ইরশাদুল হক ও মোহাম্মদ শোয়েব। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে গুজরানওয়ালা শহরের একটি ভাড়া বাসা থেকে সন্ত্রাসবিরোধী ইউনিট তাঁদের গ্রেপ্তার করে।
চলতি সপ্তাহের শুরুতে পাঠানকোটের হামলার ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি যৌথ তদন্ত দল বা জেআইটি গঠন করে পাকিস্তান সরকার। এক সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে জেআইটি।
গত ২ জানুয়ারি ভোরের দিকে পাঠানকোটের বিমানঘাঁটিতে সশস্ত্র জঙ্গিদের হামলায় কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হন। ভারতের দাবি, হামলাকারীরা পাকিস্তান থেকে গিয়েছিল বলে তাদের কাছে তথ্য-প্রমাণ আছে।