সন্দেহভাজন বোমা হামলাকারী সিরিয়া গিয়েছিলেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে গত সোমবারের আত্মঘাতী হামলা চালানো ব্যক্তি বলে সন্দেহভাজন তরুণ (২০) গত বছর সিরিয়ায় গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা গতকাল বুধবার বলেন, ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত একটি সংগঠন ওই তরুণকে সিরিয়া যেতে সাহায্য করেছিল। খবর রয়টার্স ও এএফপির।
ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, সিরিয়া সীমান্তের কাছাকাছি তুরস্কের সুরুস শহরের হামলায় ওই তরুণের জড়িত থাকার ‘জোরালো প্রমাণ’ রয়েছে। কুর্দি বংশোদ্ভূত তরুণটির জন্ম তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আদিয়ামান প্রদেশে। তিনি আইএসের সমর্থক একটি সিরীয় সংগঠনে সক্রিয় ছিলেন। দিয়ারবাকির শহরে গত ৫ জুন কুর্দি-সমর্থিত রাজনৈতিক দলের (এইচডিপি) জনসভায় বোমা হামলায় জড়িত সন্দেহভাজন আরেক ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই তরুণ দুই মাস আগে আইএস জঙ্গিদের সঙ্গে জড়িয়ে পড়েন। সন্দেহভাজন এ হামলাকারীর পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।