থাইল্যান্ডের একটি মন্দিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক এক যুবক অবৈধ অস্ত্রশস্ত্র বহন করেন বলে অভিযোগ করেছে ব্যাংককের পুলিশ। দেশটির সেনাপ্রধান গতকাল রোববার বলেন, ওই যুবক জিজ্ঞাসাবাদ ও তদন্তকাজে সহযোগিতা করছেন না। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
বিদেশি ওই যুবকের জাতীয়তা নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম ইঙ্গিত দেয়, তিনি তুরস্কের নাগরিক হতে পারেন। পুলিশ জানায়, তাঁর ঘরে বেশ কয়েকটি তুর্কি জাল পাসপোর্ট মিলেছে।
থাই কর্মকর্তারা জানান, সন্দেহভাজন ওই বিদেশি যুবকের বয়স ২৮ বছর। তাঁকে সামরিক হেফাজতে রাখা হয়েছে। রাজধানী ব্যাংককের পূর্ব উপকণ্ঠে নং জক এলাকার একটি ফ্ল্যাটে গত শনিবার সকালে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে বোমা তৈরির সরঞ্জাম ও বেশ কয়েকটি পাসপোর্ট পাওয়া গেছে।
ইরাওয়ান ব্রহ্মা মন্দিরে বিস্ফোরণের আগে যে ব্যক্তি একটি ব্যাগ রেখে গিয়েছিলেন বলে সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, তাঁকে আটক করা হয়নি। ১৭ আগস্ট ওই বোমা বিস্ফোরণে ২০ জন নিহত ও শতাধিক লোক আহত হন, যাঁদের বেশির ভাগই পর্যটক।
থাই সেনাপ্রধান জেনারেল উদোমদেজ সিতাবুতর বলেন, সন্দেহভাজন ব্যক্তিটির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য আদায়ের ব্যাপারে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তবে তাঁর অধিকার যাতে খর্ব না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।