
সৌরবিমান সোলার ইমপালস টুর ইতিহাস গড়া বিশ্বভ্রমণ শেষ হলো। বিমানটি গতকাল মঙ্গলবার এর ভ্রমণের শেষ ধাপে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে পৌঁছায়। সেখান থেকেই গত বছরের ৯ মার্চ অভিযান শুরু করেছিল আকাশযানটি। শুধু সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে এই প্রথম কোনো উড়োজাহাজ পৃথিবী প্রদক্ষিণ করল।
সুইজারল্যান্ডের দুই পাইলট বার্ট্রান্ড পিকার্ড ও আন্দ্রে বর্শবার্গ পালা করে সৌরবিমানটি চালিয়েছেন। ভ্রমণ শেষ করার পর পিকার্ড বলেন, আকাশভ্রমণের ইতিহাসে সোলার ইমপালস টুর এ সাফল্য এক অবিস্মরণীয় অর্জন। তিনি মনে করেন, আগামী ১০ বছরের মধ্যে যাত্রী পরিবহনে বিদ্যুচ্চালিত উড়োজাহাজ ব্যবহৃত হবে।
পিকার্ডের চালনায় সর্বশেষ ধাপে কায়রো থেকে আবুধাবি পৌঁছাতে সৌরবিমান সময় নিয়েছে ৪৮ ঘণ্টা। আবুধাবিতে অবতরণের পর জনতা হাততালি ও উচ্ছ্বাসধ্বনি দিয়ে স্বাগত জানান পিকার্ডকে।
পাইলট পিকার্ড বলেন, সোলার ইমপালস টুতে ব্যবহৃত প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনেও ব্যবহার করা যেতে পারে। তাহলে কার্বন নিঃসরণের পরিমাণ অর্ধেক কমবে। জলবায়ু পরিবর্তনের জন্য এই গ্রিনহাউস গ্যাস নির্গমনই সবচেয়ে বেশি দায়ী।
বিভিন্ন কারণে বিরতিসহ সব মিলিয়ে ১৬ মাসের এ অভিযানে সোলার ইমপালস টু পাড়ি দিয়েছে অন্তত ৪০ হাজার কিলোমিটার। চারটি মহাদেশ, দুটি মহাসাগর, তিনটি সাগর আর স্থলভূমির ওপর দিয়ে এই দীর্ঘ যাত্রায় উড়োজাহাজটিকে আকাশে থাকতে হয়েছে সব মিলিয়ে প্রায় ৫০০ ঘণ্টা। এ সাফল্য নবায়নযোগ্য জ্বালানির সামর্থ্যই প্রমাণ করে। আর প্রচলিত জ্বালানি তেল ছাড়াও যে কোনো আকাশযান বিশ্বভ্রমণ করতে পারে, তা দেখিয়ে দেওয়াই ছিল এই অভিযানের লক্ষ্য।
বিমানটির ডানার বিস্তার একটি বোয়িং ৭৪৭ বিমানের দৈর্ঘ্যের চেয়ে বেশি। তবে মূল কাঠামো হালকা উপাদানে ছিমছামভাবে তৈরি বলে ওজন মাত্র একটি গড়পড়তা গাড়ির সমান। এই আকাশযানের চারটি ইঞ্জিনের চালনার জন্য প্রয়োজনীয় শক্তি আসে ডানায় বসানো ১৭ হাজার সৌরকোষ বা প্যানেল থেকে। এ জন্যই ডানা দুটি এত বড়।