প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট শাহিন দেখত্ মুল আফ্রিদি বলেছেন, মাদক-সংশ্লিষ্ট অপরাধে দেশটির দক্ষিণাঞ্চলের এক গ্রামের প্রাপ্তবয়স্ক সব পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আধা সরকারি বার্তা সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর মধ্য দিয়ে ইরানে মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের উচ্চ হারের চিত্রটি আরেকবার সামনে এল। ভাইস প্রেসিডেন্ট আফ্রিদি জানান, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামের প্রত্যেক পুরুষকে মাদকসংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে আফ্রিদি গ্রামটির নাম উল্লেখ করেননি বা একসঙ্গে না দীর্ঘ সময় ধরে মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা হয়, তা-ও বলেননি। প্রসঙ্গত, ২০১৪ সালে ৭৫৩ জনকে ফাঁসিতে ঝোলায় ইরান, যাঁদের অর্ধেকের বেশি ব্যক্তি ছিলেন মাদক অপরাধী।
গার্ডিয়ান