সব বিক্ষোভকারীকে তাড়িয়ে দিয়েছে হংকংয়ের পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ের কজওয়ে বে এলাকায় গণতন্ত্রপন্থীদের শেষ অবস্থানকেন্দ্র থেকে গতকাল সোমবার সব বিক্ষোভকারীকে তাড়িয়ে দিয়েছে পুলিশ। এ সময় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া অন্তত ১৭ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। খবর এএফপি ও বিবিসির।

গত সপ্তাহে হাজার হাজার বিক্ষোভকারী বিভিন্ন সরকারি দপ্তর ঘেরাও করার পরও সংঘর্ষ হ​েয়ছিল। এ বিক্ষোভকে ‘বেআইনি দখলদারমূলক কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে এর শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন হংকংয়ের নেতা চাই লিউং। 

চীনের স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ২০১৭ সালের নির্বাচনে স্বাধীনভাবে নিজেদের নেতা নির্বাচন করার দাবিতে দুই মাস আগে এ বিক্ষোভ শুরু হয়। হংকংবাসী চান, ওই নির্বাচনে শীর্ষ পদ প্রধান নির্বাহী হওয়ার জন্য কারা প্রার্থী হবেন, সে বিষয়ে বেইজিং কোনো প্রকার নাক না গলাক। চীন বলেছে, তারা ২০১৭ সালে হংকংয়ে সরাসরি নির্বাচনের অনুমতি দেবে। তবে প্রধান নির্বাহী পদের জন্য একটি তালিকা তারা আগে অনুমোদন করে দেবে। ওই তালিকা থেকেই নেতা বেছে নিতে হবে হংকংবাসীকে।

বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এই দুই মাস অনেকটা নরম ছিল কর্তৃপক্ষ। তবে বেইজিং এখন কঠোর হতে চাইছে। গত সপ্তাহে পুলিশ ও আদালতের কর্মকর্তারা হংকংয়ের মংকক এলাকা থেকে বিক্ষোভকারীদের সবচেয়ে বড় অবস্থানকেন্দ্রটি উচ্ছেদ করে। এ সময় অন্তত ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর বিক্ষোভের ছাত্রনেতারা গত রোববার হংকংয়ের প্রধান নির্বাহী লিউং চুন-ইংয়ের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।